রাজশাহীর বাগমারায় সরকারি দলের সাংসদ এনামুল হক ও তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে। সাংসদকে অবাঞ্ছিত ঘোষণার পর গতকাল শনিবার তিনি উপজেলার তাহেরপুরে পথসভা করেছেন। একই সময়ে সেখানে মেয়র ও তাঁর সমর্থকেরা বিক্ষোভ মিছিলের চেষ্টা করলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে তাহেরপুর পৌরসভায় যুবলীগের একটি অংশ শনিবার পথসভা করার ঘোষণা দেয়। এতে সাংসদ এনামুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে প্রচার করা হয়। তবে গত শুক্রবার রাতে আওয়ামী লীগের নেতা ও মেয়র আবুল কালাম আজাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল থেকে সাংসদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং সাংসদকে তাহেরপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সাংসদ এনামুল হক নেতা-কর্মীদের নিয়ে তাহেরপুরে পৌঁছান। পৌরসভার হরিতলা মোড়ে পথসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। অন্যদিকে ওই সময়ে মেয়র আবুল কালাম আজাদের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন। তবে পুলিশের বাধায় তাঁরা শহীদ মিনার চত্বরে অবস্থান নেন। বেলা ১১টার দিকে মেয়রের নেতৃত্বে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল থেকে সাংসদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলটি কলেজ মোড় অতিক্রম করে সাংসদের পথসভাস্থলের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পথসভা শেষ হওয়ার পর সাংসদের সমর্থক গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জাহেদুল ইসলামকে পিটিয়ে জখম করেন মেয়রের লোকজন। পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মেয়র আবুল কালাম আজাদ অভিযোগ করেন, সাংসদের পথসভা থেকে তাঁদের উদ্দেশ করে অশ্লীল ভাষায় বক্তব্য দেওয়া হচ্ছিল। এর প্রতিবাদে তাঁরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা করে। সাংসদকে অবাঞ্ছিত ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, জেলা পরিষদ নির্বাচনে তিনি দলের প্রার্থীর বিপক্ষে কাজ করায় তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
সাংসদ এনামুল হক বলেন, সেখানে (তাহেরপুর) তাঁর পূর্বনির্ধারিত পথসভা ছিল। তাহেরপুরকে একটি সন্ত্রাসী চক্র বারবার অশান্ত করার চেষ্টা করছে। তারাই পথসভায় বাধা দেওয়ার চেষ্টা করছিল।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন বলেন, পুলিশ সতর্ক অবস্থায় ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মেয়র আবুল কালাম আজাদ মিছিল করার চেষ্টা করেছিলেন। এ জন্য বাধা দেওয়া হয়েছে।