সাংসদ ছবি বিশ্বাসের মাথায় রক্ত ঝরাল হামলাকারীরা

নেত্রকোনা-১ আসনের সাংসদ ছবি বিশ্বাসের ওপর হামলা হয়েছে। তাঁর মাথায় আঘাত করার ফলে জখম থেকে রক্ত ঝরেছে। তাঁকে বহনকারী মাইক্রোবাসে আগুন দেওয়া হয়েছে। সাংসদ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিএনপির নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন।
আজ বুধবার বেলা পৌনে একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
হামলার পর রক্তাক্ত অবস্থায় এই সাংসদ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন। পরে তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
ছবি বিশ্বাসের ভাষ্য, চিকিৎসার জন্য এক রোগীকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন তিনি। রোগী দেখানো শেষে চলে যাওয়ার সময় হাসপাতালের প্রধান ফটকের সামনে তাঁর মাইক্রোবাসে বিএনপির নেতা-কর্মীরা এই হামলা চালান। গাড়ি থেকে বের হলে লাটিসোঁটা দিয়ে তাঁকে আঘাত করা হয়। এতে তাঁর মাথা ফেটে রক্ত বের হয়। হামলাকারীরা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।