সাংসদ ঢাকায়, খুঁজে পায় না পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংসদের গুলিতে রক্তাক্ত শিশু
সাংসদের গুলিতে রক্তাক্ত শিশু

গুলি করে শিশুকে আহত করার ঘটনার এক সপ্তাহ পার হলেও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাংসদ মন্জুরুল ইসলাম ওরফে লিটনকে খুঁজে পাচ্ছে না পুলিশ। যদিও সাংসদ মন্জুরুল গতকাল বৃহস্পতিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেছেন, তিনি এখন ঢাকায় এবং জামিনের চেষ্টা করছেন।
এদিকে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সাংসদের বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে সুন্দরগঞ্জ থানায় আরেকটি মামলা হয়েছে। মামলার বাদী সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামের হাফিজার রহমান মণ্ডল। এতে সাংসদকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় তিনিসহ মোট আসামি ১০ জন। তবে সাংসদ মন্জুরুল বলেছেন, ষড়যন্ত্র করে তাঁকে এ মামলায় আসামি করা হয়েছে।
নিছক দুর্ঘটনা: শিশু শাহাদাতকে গুলি করে আহত করার ঘটনার সাত দিন পেরিয়ে গেছে। গতকাল সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুল্যাহ আল মামুন অভিযোগ করেন, সাত দিনেও পুলিশ সাংসদকে গ্রেপ্তার করতে না পারায় সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের ক্ষোভ বাড়ছে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সাংসদকে গ্রেপ্তারের জন্য সম্ভাব্য স্থানগুলোতে হানা দেওয়া হচ্ছে। তবে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
সাংসদের সঙ্গে গতকাল মুঠোফোনে কথা বলেছেন এই প্রতিবেদক। এ সময় তিনি শিশু শাহাদাত গুলিতে আহত হওয়া এবং নতুন মামলা উভয় বিষয়েই কথা বলেছেন। শিশু শাহাদাত আহত হওয়ার বিষয়ে সাংসদ মন্জুরুল বলেন, এটি ছিল একটি দুর্ঘটনা। ঘটনার সময় কয়েকজন লোক তাঁকে আক্রমণ করে। এলাকাটি অপরিচিত হওয়ায় তিনি ফাঁকা গুলি ছুড়ে আক্রমণকারীদের ছত্রভঙ্গ করেন। পরে শুনতে পান, শিশুটি গুলিবিদ্ধ হয়েছে। তাঁকে গ্রেপ্তারের দাবিতে আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত-শিবিরের ইন্ধনে দলের কিছু নেতা-কর্মী তাঁর বিরুদ্ধে এখন আন্দোলন করছে, যারা তাঁকে বেকায়দায় ফেলতে চায়। ‘এখন কোথায় আছেন’, এমন প্রশ্নের জবাবে সাংসদ বলেন, তিনি ঢাকায় আছেন। জামিনের চেষ্টা করছেন। শিগগিরই তিনি আদালতে জামিনের আবেদন করবেন।
সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ গ্রামের সাজু মিয়ার ছেলে শাহাদাত হোসেন (৯) ২ অক্টোবর চাচা শাহজাহান আলীর সঙ্গে হাঁটতে বেরিয়েছিল। সকাল পৌনে ছয়টার দিকে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাংসদ মন্জুরুল ইসলাম ইশারায় শাহজাহান আলীকে ডাকেন। কিন্তু তিনি ভয়ে পালানোর চেষ্টা করলে সাংসদ ক্ষিপ্ত হয়ে কয়েকটি গুলি ছোড়েন। এতে শাহাদাতের ডান পায়ে দুটি ও বাঁ-পায়ে একটি গুলি লাগে। সে বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আরও একটি মামলা: সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামের হাফিজার রহমান মণ্ডলের দায়ের করা মামলার বিবরণ থেকে জানা যায়, সাংসদ মন্জুরুল ২ অক্টোবর ভোরে সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ গ্রামের শিশু শাহাদাত হোসেন ওরফে সৌরভকে গুলি ছুড়ে আহত করেন। সেখান থেকে ফেরার পথে সকাল আটটার দিকে তিনি দলবল নিয়ে উত্তর সাহাবাজ গ্রামে যান। এ সময় গ্রামের মৃত মোহাম্মদ আলী মণ্ডলের ছেলে ভটভটিচালক হাফিজার রহমান মণ্ডলের বসতবাড়িতে আকস্মিক হামলা চালানো হয়। সাংসদ মন্জুরুল ঘটনাস্থলে উপস্থিত থেকে দুটি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন। এরপর তাঁর সমর্থকেরা হাফিজারের বসতবাড়ির জানালা-দরজা ও আসবাব ভাঙচুর করে এবং ঘরের টিন ও জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। ঘটনার পর এলাকাবাসী মুঠোফোনে জেলা প্রশাসককে বিষয়টি অবগত করেন। জেলা প্রশাসকের নির্দেশে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরেজমিন তদন্ত করেন। ইউএনওর হস্তক্ষেপে ওই দিনই সন্ধ্যায় লুটপাট হওয়া টিন ও মালামাল উদ্ধার করে হাফিজারকে ফেরত দেওয়া হয়।
ঘটনাটি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জের ইউএনও আবদুল হাই মিলটন। তিনি বলেন, ভুক্তভোগী হাফিজারের বাড়ির টিন ও আসবাব উদ্ধার করে তাঁকে ফেরত দেওয়া হয়েছে।
এ ঘটনা উল্লেখ করে ৬ অক্টোবর রাতে সাংসদ মন্জুরুলসহ ১০ জনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন হাফিজার। তিনি বলেন, সাংসদের অনুসারী আবদুল মতিনের সঙ্গে বসতভিটার মালিকানা নিয়ে তাঁর দ্বন্দ্ব চলছিল। এর জের ধরেই ওই হামলা হয়েছে। হাফিজার আরও বলেন, ‘হামলার শিকার হয়েও ভয়ে মামলা করতে সাহস পাইনি। এ ছাড়া সাংসদের লোকজন ঘটনাটি মীমাংসা করে দেওয়ার কথা বলে মামলা করতে বিলম্ব করায়।’ তিনি অভিযোগ করেন, মামলা দায়েরের পর তাঁকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। ফলে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন। তিনি বলেন, মামলায় বিলম্বের জন্য পুলিশ দায়ী নয়। বাদীই মামলা দিতে বিলম্ব করেছেন। এমনকি মীমাংসার কথাবার্তা চলার কারণে মামলা করতে বিলম্ব হয়েছে বলে বাদী নিজেই এজাহারে উল্লেখ করেছেন।
এ মামলার বিষয়ে সাংসদ মন্জুরুল বলেন, এ ঘটনায় তিনি জড়িত নন। বসতভিটার মালিকানা নিয়ে গ্রামের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। তারা তাঁর কাছে এ বিষয়ে বিচারও দিয়েছিল। পরে নিজেরাই মারামারি করেছে। ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না দাবি করে সাংসদ বলেন, ষড়যন্ত্র করে এই মামলায় তাঁর নাম জড়ানো হয়েছে।

আরও পড়ুন: