মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী রমজান আলী গতকাল রোববার রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এতে তিনি বলেছেন, স্থানীয় সাংসদ নাঈমুর রহমান দুর্জয় আচরণবিধি ভেঙে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। আর রমজানের নির্বাচনী কাজে বাধা দিচ্ছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী গোলাম মহীউদ্দিন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসকে দেওয়া ওই অভিযোগে রমজান আলী উল্লেখ করেন, সম্প্রতি হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নে পোস্টার লাগাতে গেলে তাঁর কর্মীদের মারধর করেন গোলাম মহীউদ্দিনের সমর্থকেরা। তাঁর পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ছাড়া তিনি (গোলাম মহীউদ্দিন) ভোটারদের হুমকি দিচ্ছেন, যাঁরা তাঁকে ভোট দেবেন না, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তবে গোলাম মহীউদ্দিন বলেন, ‘এসব অভিযোগ অসত্য ও বানোয়াট।...ভোটে পরাজয় জেনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এসব অভিযোগ করছেন।’
এ ছাড়া রমজান আলী মানিকগঞ্জ-১ আসনের সাংসদ নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও প্রভাব খাটানোর অভিযোগ করেছেন। একই অভিযোগে বলা হয়, সাংসদ দুর্জয় বিভিন্ন সভায় যোগ দিয়ে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোট চাইছেন। অথচ নির্বাচনী আচরণ বিধিমালায় স্পষ্ট করা আছে, সাংসদেরা জেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারবেন না। এ ছাড়া সাংসদ ভোটারদের ডেকে নিয়ে মোটা অঙ্কের টাকাও দিচ্ছেন।
তবে সাংসদ নাঈমুর রহমান দুর্জয় বলেন, ‘কারও পক্ষে ভোট চাইতে নয়, আমি উন্নয়নমূলক কাজের জন্য আমার নির্বাচনী এলাকায় গিয়েছি। ওনার (বিদ্রোহী প্রার্থী রমজান আলী) বিরুদ্ধেও তো নানা অভিযোগ রয়েছে। তাঁর পক্ষে সশস্ত্র মহড়া দেওয়া হচ্ছে। এসব অভিযোগ করে শুধু শুধু কাদা ছোড়াছুড়ি করা হচ্ছে।’
জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান প্রথম আলোকে বলেন, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। আইনানুগ পদক্ষেপ নিতে তিনি রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করবেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস বলেন, লিখিত অভিযোগের কোনো কাগজপত্র তিনি হাতে পাননি। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এসব অভিযোগের বিষয়ে মৌখিকভাবে তাঁকে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
২৮ ডিসেম্বরের নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য পাঁচজন লড়ছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও দল সমর্থিত প্রার্থী গোলাম মহীউদ্দিন ‘আনারস’ এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি ‘বিদ্রোহী’ প্রার্থী রমজান আলী ‘মোবাইল ফোন’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর তিন প্রার্থী হলেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ মফিজুল ইসলাম খান (প্রজাপতি), বজলুল হক খান (কাপ-পিরিচ) ও কাজী রফিকুল ইসলাম (তালগাছ)।