সাংসদ পিছলে পড়ে যাওয়ার পর...

স্ত্রীকে তুলে দিয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে আহত হয়েছেন সিরাজগঞ্জ-৪ আসনের সাংসদ তানভীর ইমাম। এ ঘটনায় তাঁর সমর্থকেরা সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার আবদুল বাতেনকে মারধর করেন। পরে সাংসদের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্টেশন মাস্টার সামছুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
রেলওয়ে বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বেলা পৌনে তিনটার দিকে ঢাকাগামী চিত্রা ট্রেনে সাংসদ তানভীর ইমাম তাঁর স্ত্রীকে তুলে দিয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে যান। এরপর স্টেশনে থাকা লোকজন ও তাঁর দলীয় নেতা-কর্মীরা তাঁকে উদ্ধার করে স্টেশন মাস্টারের কক্ষে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তিনি সেখান থেকে বাড়িতে ফিরে যান। সাংসদের আহত হওয়ার খবর পেয়ে দলীয় নেতা-কর্মীরা কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার আবদুল বাতেনের কক্ষে গিয়ে তাঁকে মারধর করেন। পরে আহত অবস্থায় বাতেনকে পাকশী রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে স্টেশন মাস্টার মো. সামছুল আলম বলেন, ট্রেনটি ২টা ৪১ মিনিটে স্টেশনে থামে। ২টা ৪৫ মিনিটে ছেড়ে যায়। ৩ মিনিট থামার কথা থাকলেও ১ মিনিট বেশি অবস্থান করে। সাংসদ তাঁর স্ত্রীর সঙ্গে ভেতরে গিয়েছিলেন। নামতে দেরি করায় ট্রেনটি ছেড়ে গেছে। তবে ট্রেনটি নির্দিষ্ট সময়েই ছেড়ে গেছে। এখানে কোনো অনিয়ম হয়নি। সাময়িক বরখাস্তের তথ্যের সত্যতা তিনি নিশ্চিত করেন।
পশ্চিমাঞ্চল রেল বিভাগ, পাকশীর বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) অসীম কুমার তালুকদার বলেন, ‘বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। সাংসদ পড়ে যাওয়ার ঘটনায় আমরা যেমন মর্মাহত, ঠিক তাঁর সমর্থকেরা সহকারী স্টেশন মাস্টারকে মারধর করায় আমরা কষ্ট পেয়েছি। উল্লাপাড়া স্টেশনে আন্তনগর ট্রেনে যাত্রী ওঠানামার জন্য মাত্র ৩ মিনিট স্টপেজ রেল বিভাগ থেকে নির্ধারিত থাকলেও এমপি সাহেবের কারণে সেদিন ৪ মিনিট স্টপেজ দেওয়া হয়েছে। আর এমপি সাহেবেরও ঢাকায় যাওয়ার কথা। তিনি হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করে শুধু স্ত্রীকে তুলে দিয়ে ট্রেন থেকে নেমে পড়বেন—বিষয়টি হয়তো সহকারী স্টেশন মাস্টার যিনি ট্রেনের অনুমতি দিয়েছেন, তিনি জানতেনই না। এ ঘটনায় আজ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
এ বিষয়ে সাংসদ তানভীর ইমামের ব্যক্তিগত সহকারী (এপিএস) শওকত ওসমান বলেন, ‘ট্রেনটি নির্দিষ্ট সময়ের আগেই ছেড়ে যাওয়ায় তিনি নামার সময় পাননি। বিষয়টি স্টেশন মাস্টারগণ জানলেও তাঁরা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। এ বিষয়ে সাংসদ মহোদয় রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে লিখিতভাবে জানিয়েছেন।’ স্টেশন মাস্টারকে লাঞ্ছিত করার বিষয়ে বলেন, ‘মারধরের বিষয়টি আমাদের জানা নেই, সাংসদ স্টেশন থেকে চলে আসার পর কোনো ঘটনা ঘটতে পারে। থাকা অবস্থায় কোনো ঘটনা ঘটেনি।’