সাংসদ মনজুরুল হত্যার ঘটনায় আরেকজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ মনজুরুল ইসলাম হত্যার ঘটনায় সুবল চন্দ্র সরকার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রংপুরের একটি ক্লিনিক থেকে গ্রেপ্তারের পর তাঁকে গাইবান্ধায় নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, সুবল সাংসদ হত্যার ঘটনায় সন্দেহভাজন পরিকল্পনাকারী সাবেক সাংসদ কাদের খানের অন্যতম সহযোগী চন্দন সরকারের ভগ্নিপতি। গত ১৪ ফেব্রুয়ারি পিত্তথলির পাথর অপারেশনের জন্য সুবল রংপুরের ওই ক্লিনিকে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ওই ক্লিনিকে কয়েক দিন থেকে তাঁকে নজরবন্দী করে রাখা হয়েছিল।

তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, গ্রেপ্তার সুবল পেশায় একজন মাংস বিক্রেতা। সাংসদ হত্যার সঙ্গে জড়িত মেহেদী হাসানের দেওয়া তথ্য অনুযায়ী, সুবলও কাদের খানের সোর্স হিসেবে কাজ করতেন এবং সাংসদ মনজুরুলের গতিবিধি সম্পর্কে তথ্য জানাতেন।

সূত্রটি জানিয়েছে, জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান পুলিশকে বলেছেন, মনজুরুলকে হত্যার জন্য কাদের খানের কাছে এক কোটি টাকা দাবি করেছিলেন সুবল। কিন্তু কাদের খান তাঁর প্রস্তাবে রাজি হননি। পরে মেহেদী, শাহিন মিয়া ও আনোয়ারুল ইসলাম ওরফে রানা এ হত্যাকাণ্ড ঘটান। এ বিষয়ে এই তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানিয়েছেন, সুবলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এদিকে গত বুধবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় গাইবান্ধার পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান বলেন, সাংসদ মনজুরুল হত্যার ঘটনায় মূল আসামিদের এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী কাদের খানের সহযোগী হিসেবে আরও কয়েকজনের নাম পাওয়া গেছে।