সাংসদ রাব্বানীর বিরুদ্ধে আ.লীগের পরাজিত ১০ প্রার্থীর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাংসদ গোলাম রাব্বানী শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ইরতিজা আহসানকে সঙ্গে নিয়ে নানা কৌশলে আওয়ামী লীগের প্রার্থীদের পরাজিত করতে কাজ করেছেন। শিবগঞ্জে আওয়ামী লীগের মনোনীত ১০ জন পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী গতকাল রোববার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন।
এ ব্যাপারে গোলাম রাব্বানী বলেন, জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে নিজেদের ব্যর্থতার গ্লানি ঢাকতে এ সংবাদ সম্মেলন করা হয়েছে। জনগণ এ নির্বাচন গ্রহণ করেছে অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য। শিবগঞ্জে সুষ্ঠু নির্বাচনের একটি দৃষ্টান্ত স্থাপন হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে নিয়মনীতি অনুসরণ না করে মনোনয়ন-বাণিজ্যের মাধ্যমে ভুল প্রার্থী মনোনয়ন দেওয়ায় শিবগঞ্জে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের ভরাডুবি হয়েছে।
ইউএনও সৈয়দ ইরতিজা আহসানের প্রতিক্রিয়া জানার জন্য মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্বাক্ষর করেন দুর্লভপুর ইউপির আওয়ামী লীগের প্রার্থী আবু আহসান নাজমুল কবীর, উজিরপুরের দুরুল হোদা, চককীর্তির আনোয়ার হাসান, পাঁকার ইসমাইল হোসেন, মোবারকপুরের কামাল উদ্দীন, দাইপুকুরিয়ার মোহা. আলমগীর, বিনোদপুরের মোহা. রুহুল আমিন, শ্যামপুরের মহা. আসাদুজ্জামান, ঘোড়াপাখিয়ার ওসমান গণি ও নয়ালাভাঙ্গার মোস্তাকুল ইসলাম।