সাংসদ লিটন হত্যার আসামিরা চিহ্নিত: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের পুলিশ চিহ্নিত করেছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করে গণমাধ্যমের সামনে হাজির করা হবে।
আজ সোমবার সকালে ঢাকার আশুলিয়ায় শিল্প পুলিশ ১-এ নারী কনস্টেবলদের প্রথম ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শহীদুল হক এসব কথা বলেন।
এ কে এম শহীদুল হক বলেন, পুলিশের পেশাগত দক্ষতা বাড়াতে ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের ফলেই পুলিশ আজ জঙ্গিবাদের বিরুদ্ধে সফল ভূমিকা রাখতে পারছে।
এর আগে আইজিপি এ কে এম শহীদুল হক শিল্প পুলিশের ব্যারাক ভবন ও অস্ত্রাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন করেন।
অনুষ্ঠানে শিল্প পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুস সালাম, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুর রহমান, ঢাকা জেলার পুলিশ সুপার শাহ্ মিজান সাফিউর রহমান, শিল্প পুলিশ ১-এর পরিচালক মোস্তাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।