নাটোর সদর আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল ও তাঁর লোকজনের ‘চাঁদাবাজির’ প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকাল থেকে রাজশাহী-ঢাকা পথে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন।
গতকাল সকাল ১০টার দিকে শ্রমিকেরা রাজশাহী বাস টার্মিনালে ‘শিমুলের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ বলে মুহুর্মুহু স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহাতাব হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, শফিকুল ইসলাম সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে নাটোর হরিশপুর বাইপাসে প্রতিটি বাস থেকে ৫০ টাকা করে চাঁদা তোলা হচ্ছে। তা ছাড়া রাজশাহীর কোনো বাস দুপুর ১২টার আগে নাটোরে ঢুকতে দেওয়া হয় না। ঢুকলে বাস আটকে শ্রমিকদের নির্যাতন করা হয়। তিনি আরও বলেন, সাংসদ নাটোরের শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির কাছ থেকে প্রতি মাসে ১৫ লাখ টাকা চাঁদা নেন। এ ছাড়া নাটোর থেকে প্রায় প্রতিদিন ৮০-৯০ জন লোক রাজশাহীতে ফেনসিডিল সেবন করতে আসেন। তাঁরা বাসের ভাড়া দেন না। ভাড়া চাইলে বলেন, তাঁরা সাংসদ শফিকুলের লোক। কোনোভাবেই এর প্রতিকার হচ্ছে না। এর আগে গত রোজার সময় এই সমস্যা নিয়ে রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠক করা হয়েছিল। কিন্তু কোনো সমাধান হয়নি। এই প্রেক্ষাপটে আজ (গতকাল) শুধু বাস চলাচল বন্ধ থাকলেও আগামীকাল (আজ) বুধবার থেকে সারা উত্তরবঙ্গে বাস-ট্রাকসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। সমাধান না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।
বিকেলে রাজশাহী শিরোইল বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বাস ছাড়বে এই আশায় অনেক যাত্রী বসে রয়েছেন।
একতা পরিবহনের কাউন্টারে পরিবারের চার সদস্য নিয়ে বসে আছেন রিপন আলী (৪৫) নামের এক ব্যক্তি। তাঁর বাড়ি নগরের রানিনগর এলাকায়। রিপন বলেন, আজ (গতকাল) যেভাবেই হোক তাঁকে ঢাকায় যেতেই হবে। যখন বাস ছাড়ে, তখনই যাবেন। এ জন্য অপেক্ষা করছেন। বাসের কাউন্টারে লোক থাকলেও তাঁরা বলতে পারেননি কখন বাস ছাড়বে। নাম প্রকাশ না করার শর্তে কাউন্টারের এক কর্মচারী বলেন, মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, তারা না বলা পর্যন্ত কেউ বাস ছাড়বে না।
পাশের শ্যামলী পরিবহন কাউন্টারের ভেতরে ছয়জন যাত্রী বসে রয়েছেন। আরও বেশ কয়েকজন যাত্রী বাইরে ঘোরাঘুরি করছেন। কথা হয় মোহনপুরের যাত্রী শাওনের (২৭) সঙ্গে। তিনি বলেন, সকাল নয়টা থেকে বাস ছাড়ার অপেক্ষায় বসে আছেন। আজ বুধবার সকালে তাঁকে কর্মস্থলে যোগ দিতে হবে। এখন কী করবেন, কিছুই বুঝতে পারছেন না।
মুঠোফোনে জানতে চাইলে সাংসদ শফিকুল ইসলাম বলেন, এটা (চাঁদাবাজির অভিযোগ) সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। কেন এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে, এ বিষয়ে শ্রমিক ইউনিয়নের নেতাদের জিজ্ঞেস করতেও বলেন তিনি।
এদিকে নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি লক্ষ্মণ পোদ্দার বলেন, রাজশাহী বাস মালিক সমিতি ও শ্রমিক সমিতির নেতারা বাসের ছাদে বিপুল পরিমাণ মালামাল বহন করে আসছিলেন। তা বন্ধের অনুরোধ করেও কোনো কাজ হয়নি। এ নিয়ে গত সোমবার রাজশাহী ও নাটোর বাস মালিক সমিতির মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে গতকাল সকাল থেকে নাটোর-রাজশাহী সড়কে বাস চলাচল বন্ধ করে দেয় রাজশাহী মালিক সমিতি। এতে উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বাস যোগাযোগ বন্ধ হয়ে যায়।
গতকাল দুপুরে নাটোর বাস মালিক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলনে পরিবহন মালিক-শ্রমিক সংগঠন যৌথভাবে হুঁশিয়ারি দেয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান না হলে নাটোর থেকে সব পথে পরিবহন ধর্মঘট কর্মসূচি পালন করা হবে।
এর আগে ২৯ জুন এ দুই সমিতির দ্বন্দ্বে নাটোর-রাজশাহী বাস চলাচল বন্ধ হয়ে যায়। প্রশাসনের মধ্যস্থতায় তিন দিনের মাথায় আবারও ওই রাস্তায় বাস চলাচল স্বাভাবিক হয়।