সাংসদ সম্পর্কে ফেসবুকে মন্তব্য মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি) আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ সম্পর্কে ফেসবুকে অশালীন মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলার আসামি ছাত্রলীগ নেতা রিয়াদ হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রিয়াদ হোসেন (২৫) বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের রকিবুল মাস্টারের ছেলে ও বেলকুচি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহসভাপতি। গতকাল রোববার ভোরে উপজেলার চালা এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তারের পর দুপুরে আদালতে হাজির করানো হয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, রিয়াদ হোসেন তাঁর ফেসবুকের পাতায় সংসদ সদস্য আব্দুল মজিদ মণ্ডলকে কোকেন ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে ৪ জুলাই একটি স্ট্যাটাস পোস্ট করেন। এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় মো. জাহাঙ্গীর হোসেন আকন্দ বাদী হয়ে তথ্য ও প্রযুক্তি আইনে একটি মামলা করেন।
ওসি আরও জানান, রিয়াদ পুলিশের কাছে বলেছেন, উৎসাহী হয়ে ওই কথাগুলো তিনি লিখেছেন। এটি অন্যায় হয়েছে। তিনি সংসদ সদস্যসহ সবার কাছে ক্ষমাপ্রার্থী।