সাংসদ হত্যায় কাদেরের 'সোর্স' সুবল গ্রেপ্তার
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় সাবেক সাংসদ কাদের খানের ‘সোর্স’ সুবল চন্দ্র সরকার ওরফে সুবল কসাইকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রংপুরের একটি ক্লিনিক থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে বেলা ১১টার দিকে তাঁকে রংপুর থেকে গাইবান্ধায় নেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র জানায়, সুবল সাংসদ হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ কাদের খানের অন্যতম ‘সোর্স’ এবং পেশায় একজন মাংস বিক্রেতা (কসাই)। সাংসদ মনজুরুল হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার মেহেদী হাসানের দেওয়া তথ্য অনুযায়ী, সুবল সাবেক সাংসদের সোর্স হিসেবে কাজ করতেন এবং সাংসদ মনজুরুলের গতিবিধি সম্পর্কে তাঁদের তথ্য দিতেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান আজ বিকেল সাড়ে চারটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গত ১৪ ফেব্রুয়ারি পিত্তথলির পাথর অপারেশনের জন্য সুবল রংপুরের ওই ক্লিনিকে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ওই ক্লিনিকে কয়েক দিন থেকে তাঁকে নজরবন্দী করে রাখা হয়েছিল। আজ তাঁকে গ্রেপ্তার করে গাইবান্ধায় নেওয়া হয়। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হবে।
গত বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সাংসদ মনজুরুল ইসলাম লিটন সুন্দরগঞ্জের সাহাবাজ গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।