সাংসদ হত্যায় তিন জামায়াত কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম হত্যার ঘটনায় সন্দেহভাজন জামায়াতের তিনজন কর্মীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার ভোরে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সুন্দরগঞ্জের হরিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড (চর চরিতাপাড়া গ্রাম) জামায়াতের সভাপতি আলা উদ্দিন (৫০), একই ওয়ার্ডের জামায়াতের সাবেক সভাপতি রফাত উদ্দিন (৪৫) ও বামনডাঙা ইউনিয়নের রামভদ্র গ্রামের জামায়াতের কর্মী আল আমিন সরকার (৪২)।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান আজ সোমবার দুপুরে মুঠোফোনে বলেন, ওই তিনজনকে সাংসদ হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। ওসি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামের নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে সাংসদ মনজুরুল ইসলাম নিহত হন।