সাংসদকন্যার বিরুদ্ধে জোর করে কম্বল নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদের অনুকূলে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ করা পৌনে চার হাজার কম্বল জোর করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় সাংসদকন্যা ও যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক কোহেলী কুদ্দুস মুক্তির বিরুদ্ধে ওই অভিযোগ উঠেছে। ওই কম্বলগুলো সাংসদের নিহত ছেলের নামে প্রতিষ্ঠিত কল্লোল ফাউন্ডেশনের ব্যানারে বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকে ওই অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে উপজেলা পরিষদের অনুকূলে ৩ হাজার ৭৫০টি কম্বল বরাদ্দ আসে। নিয়ম অনুযায়ী উপজেলা পরিষদের সদস্যদের নিয়ে বৈঠক করে কম্বলগুলো উপজেলা পরিষদ, পৌরসভা, ইউপি চেয়ারম্যানদের মাঝে বণ্টন করার কথা। কিন্তু স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুসের হস্তক্ষেপে এবং ইউএনও ইয়াসমিন আক্তারের সহায়তায় বরাদ্দ করা কম্বলগুলো সাংসদকন্যা জোর করে নিয়ে যান। ওই কম্বলগুলো ১৮ জানুয়ারি উপজেলার নাজিরপুর ইউনিয়নে সাংসদের নামে প্রতিষ্ঠিত আলহাজ অধ্যাপক আবদুল কুদ্দুস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কল্লোল ফাউন্ডেশনের ব্যানারে বিতরণ করা হয়। অথচ কল্লোল ফাউন্ডেশনটি একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। সাংসদকন্যা কোহেলী কুদ্দুস মুক্তি ওই সংগঠনের প্রতিষ্ঠাতা।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজের অফিসকক্ষে ডাকা ওই সংবাদ সম্মেলনে তিনি নিজেই সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভানেত্রী সাহিদা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আবদুল আজিজ বলেন, তিনিও জনপ্রতিনিধি, জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি ওই কম্বলগুলো হতদরিদ্র লোকজনের মাঝে বিতরণ করতে পারতেন। সাংসদের মেয়ে আলোচনা করে সম্মিলিতভাবে ওই কম্বলগুলো বিতরণ করলে পরিষদের নির্বাচিত সদস্যদের মধ্যে ক্ষোভ থাকত না।
পৌর মেয়র শাহনেওয়াজ আলী অভিযোগ করে বলেন, ‘সরকারি কম্বল লুট করে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে বিতরণ করা অন্যায়। সরকারি কম্বল নিয়ে নিজের ও সংগঠনের নাম ফোটানো নৈতিকতার মধ্যে পড়ে না। সাংসদকন্যা নির্লজ্জতার পরিচয় দিয়েছেন। এই কর্মকাণ্ডে সমর্থন দিয়েছেন ইউএনও ইয়াসমিন আক্তার ও পিআইও গোলাম রাব্বানী।’ তদন্তসাপেক্ষে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দািব জানান তিনি।
পিআইও গোলাম রাব্বানী বলেন, স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুস শীতবস্ত্র বিতরণ কমিটির উপদেষ্টা। তিনি তাঁর (সাংসদ) নির্দেশ পালন করেছেন মাত্র।
ইউএনও ইয়াসমিন আক্তার বলেন, তিনি বিধিমোতাবেক কম্বলগুলো বিতরণ করেছেন।
সাংসদকন্যা কোহেলী কুদ্দুস গতকাল মুঠোফোনে বলেন, তিনি উপজেলা পরিষদের কোনো কম্বল নেননি। ঢাকা থেকে সংগ্রহ করা কম্বল বিতরণ করেছেন। এলাকায় তাঁর সক্রিয় কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে তাঁর বাবার রাজনৈতিক প্রতিপক্ষ বিষোদ্গার করছে।
এ বিষয়ে সাংসদ আবদুল কুদ্দুস গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দলের ভেতরে থাকা কতিপয় নেতা ঈর্ষান্বিত হয়ে মেয়েসহ তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। সাধারণ জনগণ এ বিষয়ে সজাগ রয়েছেন।