সাংসদকে অতিথি না করায় হামলা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটিস্টিক-বিষয়ক কর্মশালায় কিশোরগঞ্জ-২ আসনের (কটিয়াদী-পাকুন্দিয়া) সাংসদ মো. সোহরাব উদ্দিনকে অতিথি না করায় হামলা চালিয়ে কর্মশালা পণ্ড করে দিয়েছেন সাংসদ অনুসারীরা। গতকাল মঙ্গলবার উপজেলা মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তর এই কর্মশালার আয়োজন করেছিল।
হামলার দায় অস্বীকার না করে পাকুন্দিয়া ডিগ্রি কলেজ ছাত্রসংসদের সাবেক সহসভাপতি (ভিপি) ও সাংসদের অনুসারী ফরিদ উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এত বড় অনুষ্ঠান এমপিকে না জানানোর উদ্দেশ্য কী? না জানিয়ে করাটা অন্যায় হয়েছে। তাই বন্ধ করে দিতে বাধ্য হয়েছি।’
মুঠোফোন বন্ধ থাকায় সাংসদ মো. সোহরাব উদ্দিনের সঙ্গে কথা বলা যায়নি। তবে তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) মধুসুদন বণিক মুঠোফোনে দাবি করেন, এ বিষয়ে সাংসদ কিছুই জানেন না।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তর সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয় একটি প্রকল্পের মাধ্যমে সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মশালার আয়োজন করছে। অটিস্টিক-বিষয়ক ধারণা, সচেতনতা বাড়ানো ও করণীয় সম্পর্কে সাধারণ শিক্ষা ঘর পর্যন্ত ছড়িয়ে দেওয়া কর্মশালার উদ্দেশ্য। পাকুন্দিয়ায় কর্মশালার আমন্ত্রণপত্রে নিবেদক ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ। উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামকে প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসেন খানকে সভাপতি করে আমন্ত্রণপত্র বিলি করা হয়। তবে কর্মশালায় ইউএনও ছিলেন না। ইউএনওর পক্ষে সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) হাসিনা আক্তার সভাপতিত্ব করেন।
আবুল কালাম আজাদ বলেন, জোহর নামাজের বিরতির পর বেলা আড়াইটা থেকে আবার কর্মশালার কার্যক্রম শুরু করামাত্র কিছু লোক এসে হামলা চালায়। হামলাকারীরা জানতে চায় সাংসদকে কেন অতিথি করা হয়নি।
অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রফিকুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাংসদের প্রতিপক্ষ। আবার কর্মশালায় প্রশিক্ষক ছিলেন কর্মশালাটির কেন্দ্রীয় সংগঠক এই আসনের সাবেক সাংসদ এম এ মান্নানের ছেলে চিকিৎসক মাজহারুল মান্নান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই আসন থেকে দলীয় মনোনয়ন চাইবেন—এমন প্রচারণা আছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে আবদুল হাকিম, হেলাল উদ্দিন, ফরিদ উদ্দিন ও সফিক আহমেদের নেতৃত্বে সাংসদের অনুসারী অন্তত অর্ধশত ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে মিলনায়তনে ঢুকেই জানতে চান সাংসদকে কেন অতিথি করা হয়নি। বিষয়টি সাংসদের নয়—আয়োজকেরা এ কথা বলতেই চেয়ার টেবিল ভাঙচুর শুরু হয়ে যায়। এরপর মাজহারুল মান্নান ও রফিকুল ইসলামের ওপর চড়াও হন হামলাকারীরা। কিছু সময় পর পুলিশ এসে হামলাকারীদের হটিয়ে দেয়। পরে কর্মশালা স্থগিত করেন আয়োজকেরা।
রফিকুল ইসলাম বলেন, এমপি চান পাকুন্দিয়ার একটি গাছের পাতাও যেন তাঁর কথা ছাড়া না নড়ে। ব্যতিক্রম হলে তাঁর অনুসারীরা তাণ্ডব চালায়। মাজহারুল মান্নান বলেন, আলোচনা শুরুর সময় হামলাকারীরা এসে ভাঙচুর শুরু করে।
সাংসদকে পাশ কাটিয়ে প্রশিক্ষণের আয়োজন করায় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন। তিনি বলেন, ‘আমি গিয়ে হামলাকারীদের মিলনায়তন থেকে বের করে দিয়েছি।’