সাংসদকে খুঁজে পাচ্ছে না পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাংসদ আমানুর রহমান খান (রানা) ও তাঁর ভাই পৌর মেয়র সহিদুর রহমান খানকে (মুক্তি) খুঁজে পাচ্ছে না পুলিশ। তাঁদের ধরতে রাজধানীর একাধিক বাসায় খোঁজ করেছে টাঙ্গাইল জেলা পুলিশ।
টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলায় সাংসদসহ চার ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ খুঁজছে। তাঁদের আটক করার জন্য জেলা পুলিশের একটি দল ঢাকায় এসেছে। তবে অপর দুই ভাই দেশ ছেড়েছেন বলে স্থানীয় নেতারা জানিয়েছেন। দুই ভাইয়ের খোঁজ না পেলেও বৃহস্পতিবার রাতে তাঁদের এক অনুসারীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব সরকার প্রথম আলোকে বলেন, সাংসদ ও তাঁর ভাইকে খোঁজা হচ্ছে। সাংসদ তাঁর নিজের বাসায় নেই।
টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফিজুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে শহরের বিশ্বাস বেতকা এলাকা থেকে পুলিশ স্বপন মিয়া নামের এক সন্ত্রাসীকে একটি বিদেশি রিভলবার ও একটি গুলিসহ গ্রেপ্তার করেছে। স্বপন মিয়া পুলিশকে জানিয়েছেন, সাংসদ আমানুরের ভাই জাহিদুর রহমান খান (কাকন) তাঁকে রিভলবারটি দিয়েছিলেন। জাহিদুরের নির্দেশেই তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড করতেন। গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আনা হবে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে সাংসদ আমানুরসহ খান পরিবারের চার ভাইয়ের আত্মগোপনের খবরে খুশি জেলা আওয়ামী লীগের বিরোধী অংশের নেতারা। এত দিন যেসব নেতা-কর্মী খান পরিবার সম্পর্কে কথা বলতে ভয় পেতেন, এখন তাঁরা প্রকাশ্যে সমালোচনা করছেন।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাংসদ আমানুর ও তাঁর ভাইদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। ফারুক আহমেদ হত্যা মামলায় জড়িত থাকার ঘটনা প্রকাশ হওয়ার পর সরকার কঠোর অবস্থান নিয়েছে। এতে শুধু আওয়ামী লীগের নেতা-কর্মীরা নন, টাঙ্গাইলের সব মানুষ খুশি হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। খুনি যেই হোক, তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে।
গত বছর ১৮ জানুয়ারি টাঙ্গাইল শহরে কলেজপাড়া এলাকার বাসার সামনে থেকে জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর তাঁর স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গত আগস্টে আনিসুল ইসলাম (রাজা) ও মোহাম্মদ আলী নামক দুজনকে গ্রেপ্তার করে। তাঁরা দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের জবানবন্দিতে সাংসদ আমানুর, তাঁর ভাই টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর এবং ব্যবসায়ী নেতা জাহিদুর ও ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা প্রকাশ হয়ে পড়ে। এর পরই পুলিশ তাঁদের গ্রেপ্তারে অভিযানে নামে।