
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ গ্রামের শিশু শাহাদাত হোসেনকে গুলি করার ঘটনার পর ছয় দিন পেরিয়ে গেলেও গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত সরকারদলীয় সাংসদ মন্জুরুল ইসলামকে খুঁজে পায়নি পুলিশ। এদিকে গুলির ঘটনার প্রতিবাদে সুন্দরগঞ্জের বঙ্গবন্ধু চত্বরে আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচির কয়েকটি ব্যানার গত মঙ্গলবার রাতে কে বা কারা সরিয়ে নিয়েছে।
গতকাল রাজধানী ঢাকায় চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশনের এক অনুষ্ঠানে মন্জুরুল ইসলামের সংসদ সদস্যপদ বাতিলের দাবি জানানো হয়েছে। ১০টি জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের এই জোট অবিলম্বে সাংসদ মন্জুরুলকে খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল ঢাকায় সাংসদ মন্জুরুলকে গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘আইন সবার জন্য সমান। তিনি সরকারি দলের সাংসদ, নেতা-কর্মী বা যিনিই হন। তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে।’ তিনি বলেন, ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। অপরাধী সরকার দলের নেতা-কর্মী বা সাংসদ যেই হন না কেন তাঁকে আইনের মুখোমুখি হতে হবে।
স্থানীয় সাংসদ মন্জুরুল ইসলামের গুলি চালানোর ঘটনায় সুন্দরগঞ্জের পৌর মেয়র আব্দুল্যাহ আল মামুনের উদ্যোগে মঙ্গলবার গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়। কিন্তু রাতেই কারা ওই ব্যানার সরিয়ে নেয়। এ বিষয়ে মেয়র বলেন, ‘সাংসদের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই অন্যায়ের প্রতিবাদ করা আমাদের নৈতিক দায়িত্ব। তাই আন্দোলন করছি। কিন্তু সাংসদের লোকজনের হুমকির কারণে আন্দোলনকারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।’
এ ছাড়া পুলিশের বাধার কারণে গতকাল উপজেলার বামনডাঙ্গায় নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির ঘোষিত সমাবেশ হয়নি। ওই কমিটির যুগ্ম আহ্বায়ক বিষ্ণু রাম দাস জানান, মঙ্গলবার সন্ধ্যায় মাইক বন্ধ করে দেয় পুলিশ।
সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম বলেন, সাংসদ মন্জুরুলকে গ্রেপ্তারে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন। অথচ ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও পুলিশ সাংসদকে গ্রেপ্তার করতে টালবাহানা করছে। তিনি অভিযোগ করেন, ‘সাংসদের অপকর্মের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা হুমকির মুখে পড়েছি।’
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন বলেন, সাংসদ মন্জুরুল ইসলামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে। সমাবেশে বাধা দেওয়ার ব্যাপারে ওসি বলেন, সুন্দরগঞ্জ মূলত জামায়াত-অধ্যুষিত এলাকা। মিছিল-সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তাই স্থানীয় জনগণ ও আয়োজকদের মিছিল-সমাবেশ থেকে বিরত থাকতে বলা হয়।
সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ গ্রামের সাজু মিয়ার ছেলে শাহাদাত হোসেন (৯) ২ অক্টোবর চাচা শাহজাহান আলীর সঙ্গে হাঁটতে বেরিয়েছিল। সকাল পৌনে ছয়টার দিকে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাংসদ মন্জুরুল ইসলাম ইশারায় শাহজাহান আলীকে ডাকেন। কিন্তু তিনি ভয়ে পালানোর চেষ্টা করলে সাংসদ ক্ষিপ্ত হয়ে কয়েকটি গুলি ছোড়েন। এতে শাহাদাতের ডান পায়ে দুটি ও বাঁ-পায়ে একটি গুলি লাগে। শিশু শাহাদাত বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: