সাংসদকে গালি, তিনজনকে পিটিয়ে পুলিশে সোপর্দ
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের আওয়ামী লীগের সাংসদ কাজী আবদুল ওয়াদুদকে গালি দেওয়ার অভিযোগে আজ রোববার বিকেলে তিন ব্যক্তিকে পিটিয়ে পুলিশে সোপর্দ করার অভিযোগ পাওয়া গেছে।
আটক ব্যক্তিরা হলেন: মোহাম্মদ আলম (৪৫), সুমন আলী (২০) ও মামুন অর রশিদ (২২)। তাঁদের বাড়ি পুঠিয়া উপজেলার বাঁশপুকুরিয়া গ্রামে।
নাম না প্রকাশের শর্তে দুজন প্রত্যক্ষদর্শী বলেন, দুর্গাপুর উপজেলার একটি দলীয় অনুষ্ঠান শেষে আজ বেলা সাড়ে তিনটার দিকে সাংসদ পুঠিয়ায় নিজ বাড়িতে ফিরছিলেন। পুঠিয়ার বাঁশপুকুরিয়া এলাকা দিয়ে তাঁর গাড়ির বহর যাচ্ছিল। এ সময় ভাঙা রাস্তা মেরামত না করার অভিযোগ এনে রাস্তার পাশ থেকে এক ব্যক্তি সাংসদকে গালি দেন। সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে সাংসদ নিচে নামেন। দলীয় লোকজন ধাওয়া করে সেখান থেকে তিন ব্যক্তিকে আটক করে পিটিয়ে দুর্গাপুর থানার পুলিশের কাছে সোপর্দ করেন।
যোগাযোগ করা হলে সাংসদ কাজী আবদুল ওয়াদুদ বলেন, রাস্তার পাশ থেকে একজন একটা বাজে কথা বলেছে। তাঁর গাড়ির চালক এটা শুনে গাড়ি থামিয়ে দিয়েছেন। এ সময় তিন ব্যক্তি দৌড়ে পালাচ্ছিলেন। পুলিশ তাঁদের ধাওয়া করে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাঁদের ছেড়ে দেওয়ার জন্য তিনি পুলিশকে বলে দিয়েছেন বলে দাবি তাঁর।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী বলেন, ‘এমপি সাহেবের লোকজন তাঁদের (তিনজন) ধরে পুলিশে দিয়েছে। তাঁদের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছাড়া হবে।’