সাংসদকে জানাজায় অংশ নিতে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজানে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে গুলিবিনিময় হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
পুলিশ সূত্র জানায়, বিএনপি নেতা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাহউদ্দিন কাদের চৌধুরীর মেজো ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরীর জানাজা গতকাল বিকেলে রাউজানের গহিরা স্কুল মাঠে হয়। সরকার দলীয় সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী জানাজায় অংশ নিতে যান। সেখানে তাঁর সঙ্গে সালাহ উদ্দিন কাদের চৌধুরীর আরেক ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরী অশোভন আচরণ করেন এবং জানাজায় অংশ নিতে নিষেধ করেন। দুজনে সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয় সূত্র জানায়, সাংসদের সঙ্গে অশোভন আচরণ করার জের ধরে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলি হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
রাউজান পৌর আওয়ামী লীগের এক নেতা নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে জানান, সাংসদকে জানাজায় অংশ নিতে নিষেধ করায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন।
এ বিষয়ে রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সাংসদ তাঁর চাচাতো ভাইয়ের জানাজায় অংশ নিতে যান। কিন্তু গিয়াস কাদের চৌধুরী তাঁকে জানাজায় অংশ নিতে নিষেধ করেন। এটি কোন ধরনের আচরণ?’
তবে সাংসদ ফজলে করিম চৌধুরীর বক্তব্য জানা যায়নি।
২০০১ ও ২০০৮ সালের সংসদ নির্বাচনে রাউজান আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরীর কাছে পরাজিত হয়েছিলেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
সংঘর্ষের বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মোস্তাফিজুর রহমান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘গোলাগুলির ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তা এখনো জানা যায়নি। কত রাউন্ড গুলি ছোড়া হয়েছে, তা নির্দিষ্ট করা বলা যাচ্ছে না। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’
এ ব্যাপারে বক্তব্য জানতে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
ঢাকার একটি হাসপাতালে গত বুধবার সাইফুদ্দিন কাদের চৌধুরীর মৃত্যু হয়। তিনি পাকিস্তানের সাবেক স্পিকার ফজলুল কাদের চৌধুরীর ছেলে।