সাংসদকে দায়ী করল আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে যুবলীগের কর্মী আজিজুল হক হত্যাকাণ্ডের জন্য স্বতন্ত্র সাংসদ রহিম উল্যাকে দায়ী করেছে আওয়ামী লীগ। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় সাংসদের দুজন সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাজারে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে ও গুলিতে আজিজুল হক নিহত হন। এ সময় দুর্বৃত্তরা মো. স্বপন নামে যুবলীগের আরও এক কর্মীকে কুপিয়ে আহত করে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গত মঙ্গলবার সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আজিজুল হক হত্যাকাণ্ডের জন্য ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঞা) স্বতন্ত্র সাংসদ রহিম উল্যা ও তাঁর সমর্থকদের দায়ী করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনের আগে আজিজুল হক হত্যাকাণ্ডের প্রতিবাদে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলের পর প্রতিবাদ সমাবেশ হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা যুবলীগের আহ্বায়ক ও দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মিয়াজী, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।
সমাবেশ শেষে সাংসদের কুশপুত্তলিকা দাহ করা হয়।
এ ব্যাপারে সাংসদ রহিম উল্যার বক্তব্য জানার জন্য বারবার চেষ্টা করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আজিজুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত সোমবার রাতে সাংসদ রহিম উল্যার সমর্থক হিসেবে পরিচিত আলাউদ্দিন ওরফে আলো (৩০) ও মো. শিফুলকে (২৫) সোনাপুর থেকে ধরে বেধড়ক মারধর করেন যুবলীগের কর্মীরা। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে। এ সময় আলাউদ্দিনের পকেটে পাঁচটি গুলি পাওয়া যায়। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তাঁকে পুলিশ হেফাজতে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজিজুল হক হত্যা মামলায় আলাউদ্দিন ও শিফুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, হত্যাকাণ্ডের পর সাংসদের গ্রাম সোনাপুর থেকে তাঁর সমর্থকেরা পালিয়েছেন। সোনাপুর বাজারের বেশির ভাগ দোকানপাট দুই দিন ধরে বন্ধ। এলাকায় পুলিশ টহল দিচ্ছে।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, আজিজুল হক হত্যার ঘটনায় তাঁর স্ত্রী সাহানা আক্তার সাংসদ রহিম উল্যার সমর্থক হিসেবে পরিচিত ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০-১২ জন ব্যক্তির বিরুদ্ধে সোনাগাজী থানায় হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।