সাংসদকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সাংসদ আনোয়ারুল আজিমকে হত্যাচেষ্টার অভিযোগে গত বুধবার থানায় মামলা করা হয়েছে। মামলার আসামি স্থানীয় আওয়ামী লীগের এক নেতাসহ দুজনকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ এবং হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী কাউছার আলী। তবে আবু সাঈদের পরিবারের অভিযোগ, তাঁকে সাত দিন আগে তুলে নিয়ে যায় সাদাপোশাকের পুলিশ।
সাংসদ হত্যাচেষ্টা মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার এসআই ইমরান আলম বলেন, ঝিনাইদহ-৪ আসনের সাংসদকে হত্যার ষড়যন্ত্র চলছে, এমন অভিযোগ এনে গত বুধবার মামলা করেন তাঁর ব্যক্তিগত সহকারী আবদুর রউফ। মামলায় আবু সাঈদসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়। বাদী এজাহারে উল্লেখ করেন, আসামিরা পরস্পরের যোগসাজশে আনোয়ারুল আজিমকে হত্যার চেষ্টা করছেন।
ইমরান আলম বলেন, পুলিশ মামলাটি নথিভুক্ত করে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। গতকাল সকালে আওয়ামী লীগ নেতা আবু সাঈদকে গ্রেপ্তার করা হয় কালীগঞ্জ শহর থেকে। একই সময় হরিণাকুণ্ড থেকে গ্রেপ্তার করা হয় কাউছার আলীকে।
তবে আবু সাঈদের ভাই আবু হাসান অভিযোগ করেন, গত ২৭ অক্টোবর কালীগঞ্জের কচাতলা বাজার থেকে সাদাপোশাকের পুলিশ তাঁর ভাইকে তুলে নিয়ে যায়। বাজারের শত শত মানুষ এ ঘটনা দেখেছে।
তবে আবু সাঈদের পরিবারের এ অভিযোগ নাকচ করেছেন ইমরান আলম।