সাংসদকে হত্যার হুমকি, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁর নাম মো. মুরাদ (২৬)। সদর উপজেলার আন্ডারচর গ্রাম থেকে গত মঙ্গলবার রাতে তাঁকে আটক করা হয়।

এদিকে সাংসদকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে গতকাল বুধবার বিকেলে সমাবেশ হয়েছে। শহরের আবদুল মালেক উকিল সড়কের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে ‘নোয়াখালী জেলা স্বাধীনতার স্বপক্ষের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নাজমুল হক। সমাবেশ পরিচালনা করেন শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ। সমাবেশের শেষের দিকে সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী এসে বক্তব্য দেন।

প্রায় দুই ঘণ্টা স্থায়ী এ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিয়া মোহাম্মদ শাহজাহান, যুগ্ম সম্পাদক আবদুল মমিন প্রমুখ।

নোয়াখালীর সুধারাম (সদর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গত সোমবার সকালে অজ্ঞাত একটি নম্বর থেকে সাংসদ একরামুল করিম চৌধুরীর মুঠোফোনে পর পর দুটি খুদেবার্তা পাঠিয়ে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। ওই একই খুদেবার্তা তাঁকে (ওসি), থানার পরিদর্শক (তদন্ত), সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশ সুপারের মুঠোফোনেও (এসপি) পাঠানো হয়েছে।

ওসি আনোয়ার হোসেন আরও বলেন, যে ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মুঠোফোন নম্বর নিবন্ধন করা হয়েছে তাঁকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।