সাংসদকে হুমকি ও চাঁদা দাবি করায় যুবক গ্রেপ্তার
রাজশাহীর বাগমারার স্থানীয় সাংসদ এনামুল হককে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে হুমকি ও ৩৪ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে থানা-পুলিশ আবদুস সোবহান (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
আবদুস সোবহান উপজেলার বাসুপাড়া গ্রামের মৃত ফারাজ আলীর ছেলে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, আবদুস সোবহান সাংসদের নম্বরে খুদে বার্তা পাঠানোর কথা স্বীকার করেছেন। এ বিষয়ে তাঁর বিরুদ্ধে সাংসদের ব্যক্তিগত সহকারী আসাদুজ্জামান বাদী হয়ে মামলা করেছেন। গতকাল রোববার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মামলার বাদী আসাদুজ্জামান বলেন, সোবহান মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে হুমকি দিয়েছেন এবং ৩৪ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। এ জন্য তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ওসি মতিয়ার রহমান বলেন, আবদুস সোবহান গত শুক্রবার রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাংসদ এনামুল হকের কাছে তাঁর মুঠোফোনের মাধ্যমে খুদে বার্তা (এসএমএস) পাঠান। বার্তায় নিজের পরিচয় গোপন রেখে সাংসদকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। ওই বার্তায় কিছু সুবিধা আদায়ের চেষ্টা ও চাঁদা দাবি করা হয়। পরে সাংসদের পক্ষ থেকে বিষয়টি বাগমারা থানার পুলিশকে জানানো হয়। পুলিশ মুঠোফোনের নম্বর ট্র্যাকিং করে ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁকে ধরার জন্য শুক্রবার বিকেলে অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেওয়া থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, আবদুস সোবহান ঘন ঘন নিজের অবস্থান পরিবর্তন করছিলেন। গত শুক্রবার তিনি জেলার তানোর ও বাগমারা উপজেলার কয়েকটি স্থানে অবস্থান করেন। পরে রাত সাড়ে ১১টার দিকে বাসুপাড়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। এ সময় হুমকি দেওয়ার কাজে ব্যবহার করা মুঠোফোন ও সিম কার্ড তাঁর বাড়ি থেকে জব্দ করা হয়েছে।
এসআই আসাদুজ্জামান আরও বলেন, সাংসদকে যে নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে, তা কেবল খুদে বার্তা পাঠানোর কাজেই ব্যবহৃত হতো। ওই নম্বর থেকে সাংসদের নম্বরে একাধিক খুদে বার্তা পাঠানোর প্রমাণ মিলেছে। অন্য আরেকটি নম্বর থেকে তিনি কথা বলতেন।
গত শনিবার দুপুরে থানা-হাজতে এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে আবদুস সোবহান খুদে বার্তা পাঠিয়ে হুমকি দেওয়ার কথা স্বীকার করেছেন।