সাংসদপক্ষের বিরুদ্ধে মঞ্চ তৈরিতে বাধার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে একই দিন একই স্থানে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও শ্রমিক লীগের সভা আহ্বান করা হয়েছে। জাসদের মঞ্চ তৈরিতে বাধা দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। এ নিয়ে দুটি সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কাল বুধবার বিকেলে সদর উপজেলার পাঁচদোনা মোড়ে সমাবেশ আহ্বান করে প্রচারণা চালিয়ে যাচ্ছে সংগঠন দুটি।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসন থেকে মহাজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জেলা জাসদের সভাপতি জায়েদুল কবির। জায়েদুলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী কামরুল আশরাফ খান। কামরুল নরসিংদী-২ আসনের সাবেক সাংসদ ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আশরাফ খানের ছোট ভাই। জাতীয় সংসদ নির্বাচনে দুই নেতার জয়-পরাজয়কে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে একে অপরের প্রতিপক্ষ হয়ে ওঠেন।

চলতি বছরের ১১ মার্চ ছিল ঢাকায় জাসদ কেন্দ্রীয় কমিটির সমাবেশ। ওই সমাবেশে যোগ দিতে নরসিংদী জেলা জাসদের নেতারা পাঁচদোনা মোড়ে জড়ো হয়েছিলেন। ওই সময় জাসদ নেতাদের ওপর হামলা হয়। হামলার জন্য জাসদের পক্ষ থেকে সাংসদপক্ষকে দায়ী করা হয়। ১১ মার্চের হামলার ঘটনার প্রতিবাদে জেলা জাসদের পক্ষ থেকে কাল বিকেলে পাঁচদোনা মোড়ে প্রতিবাদ সমাবেশ আহ্বান করা হয়। সমাবেশে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর প্রধান অতিথি হিসেবে থাকার কথা। এই অবস্থায় সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের পক্ষ থেকে একই স্থানে শ্রমিক সমাবেশ আহ্বান করা হয়।

জায়েদুল কবির বলেন, ‘সমাবেশের অনুমতি চেয়ে ১০ দিন আগে জেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। সমাবেশের অনুমতি পেয়েছি এক সপ্তাহ আগে। যেহেতু সমাবেশের প্রধান অতিথি আমাদের নেতা হাসানুল হক একজন মন্ত্রী। সে কারণে মন্ত্রণালয় থেকেও প্রশাসনকে অবহিত করা হয়েছে। এই অবস্থায় আমাদের সমাবেশকে পণ্ড করার ভাবনা থেকে সাংসদ দ্বারা পরিচালিত আওয়ামী লীগের একটি পক্ষ শ্রমিক সমাবেশ আহ্বান করে বসে। শুধু তা-ই নয়, আমাদের মঞ্চ করতে দেওয়া হচ্ছে না। একটি পক্ষ গত রবি ও গতকাল সোমবার মঞ্চ তৈরিতে বাধা দেয়।’

জাহেদুল কবিরের অভিযোগ, পাল্টা সমাবেশ আহ্বান ও মঞ্চ তৈরিতে বাধা দেওয়ার ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান। তিনি সাংসদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

অভিযোগ বিষয়ে জানতে সাংসদ কামরুল আশরাফ খানের মুঠোফোনে গতকাল রাতে কল দেওয়া হয়। সে সময় সাইফুল ইসলাম পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন ধরেন। তিনি বলেন, সাংসদ এই মুহূর্তে ঢাকায় জরুরি সভায় যোগ দিয়েছেন। পরে ফোন দেওয়ার পরামর্শ দেন তিনি।

তবে অভিযোগ বিষয়ে মাহাবুবুর রহমান বলেন, ‘আমাদের আয়োজনটি শ্রমিক দিবসের। সমাবেশ করার জন্য এক মাস আগেও রেজল্যুশন করে রেখেছিলাম। এ জন্য প্রশাসনের কাছে এক সপ্তাহ আগে অনুমতিও চাওয়া হয়। আজ (সোমবার) অনুমতিও পাওয়া যায়। তা ছাড়া, জাসদের সমাবেশটি হবে পাঁচদোনা মোড়ে। আর আমাদেরটা করা হবে পাঁচদোনা বাজারে।’ জাসদের মঞ্চ তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, দুটি স্থানের দূরত্ব ১০০ গজের বেশি হবে না।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস বলেন, ‘একই দিন, একই সময় এবং একই স্থানে জাসদ ও শ্রমিক লীগের সমাবেশ হওয়ার কথা শুনেছি। এখন পর্যন্ত দুটি দলের কারও অনুমতিপত্র আমার কাছে আসেনি। তবে পুলিশ সুপারের কার্যালয় থেকে পত্রের মাধ্যমে তথ্যমন্ত্রীর আসার কথা জানানো হয়েছে।’