সাংসদপুত্র রনি মাইক্রোবাসে করে আদালতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোবাসে ওঠার আগে পরিচিতদের সঙ্গে আদালত চত্বরে কথা বলছেন বখতিয়ার আলম রনি।
মাইক্রোবাসে ওঠার আগে পরিচিতদের সঙ্গে আদালত চত্বরে কথা বলছেন বখতিয়ার আলম রনি।

সাংসদ পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনি। রাজধানীর ইস্কাটনের জোড়া খুনের একমাত্র আসামি তিনি। এখন আছেন কাশিমপুর কারাগার-২-এ। তাঁকে আজ বৃহস্পতিবার কারাগার থেকে একটি মাইক্রোবাসযোগে আদালতে আনা হয়। দেখা গেল, আদালত থেকে আজ বৃহস্পতিবার বিকেলে একই যানবাহনে নিয়ে যাওয়া হয়। এর আগেও তাঁকে একইভাবে আদালতে আনা হয়েছে।

জানতে চাইলে কাশিমপুর কারাগার-২-এর জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বণিক প্রথম আলোকে বলেন, ‘আসামি মানে আসামিই। বখতিয়ার আলম রনি হোক আর অন্য যে-ই হোক, সবাই আমাদের কাছে সমান। সব বন্দী আদালতে নেওয়া হয় প্রিজন ভ্যানে করে।’
প্রশান্ত বণিক বলেন, ‘কোনো আসামি যখন আদালতে বিশেষ যানবাহন আনা-নেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন, আর যখন আদালত কারাবিধি মোতাবেক ব্যবস্থা নিতে বলেন, তখন আমরা ধরে নিই আদালত আসামিপক্ষের আবেদন মঞ্জুর করেছেন। আদালতের আদেশ অনুযায়ী আদালতে আসামি আনা-নেওয়ার ব্যবস্থা করেন।’ এই কারা কর্মকর্তার বলেন, কারাবিধি ১৮৬৪ সালের। অ্যাম্বুলেন্স কিংবা মাইক্রোবাস এসব শব্দ কারাবিধিতে উল্লেখ নেই। কারাবিধিতে বলা আছে রেল ও নৌপথের কথা।’

বখতিয়ার আলম রনি
বখতিয়ার আলম রনি

আর আদালতের সরকারি কৌঁসুলি মাকসুদুর রহমান প্রথম আলোকে বলেন, আদালত বলে দিয়েছেন আসামিকে জেলকোডের বিধান মোতাবেক আদালতে আনার জন্য। আদালত সূত্র বলছে, গত বছরের ৩০ নভেম্বর নিজ খরচে আরামদায়ক গাড়িতে করে আনার জন্য আদালতের কাছে অনুমতি চেয়ে আবেদন করেন। আবেদনের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-২ আদালত আদেশে বলেন, ‘কারা কর্তৃপক্ষকে কারা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য বলা হলো।’ রনি তাঁর আবেদনে বলেন, তিনি জটিল কিডনিসহ মেরুদণ্ডের স্পাইনালে ব্যথাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।

আজ দেখা গেল, সাংসদপুত্র রনির পরনে ছিল ঘি রঙের পাঞ্জাবি আর সাদা পায়জামা। বেলা তিনটার দিকে সাদা মাইক্রোবাসে করে তাঁকে নিয়ে যাওয়া হয়। তাঁর হাতে ছিল না কোনো হাতকড়া। ওই গাড়িতে আরও ছিল হল-মার্ক ঋণ কেলেঙ্কারি মামলার আরও কয়েকজন আসামি। নাম প্রকাশে অনিচ্ছুক আদালত পুলিশের একজন কর্মকর্তা বলেন, হল-মার্ক কেলেঙ্কারি মামলার কয়েক আসামিকে মাইক্রোবাসে করে তাঁদের আদালতে আনা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে মদ্যপ অবস্থায় বখতিয়ার গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে রিকশাচালক হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। ওই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রমনা থানায় এ মামলা করেন। ৩১ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে বখতিয়ারকে আটক করে পুলিশ। ওই বছরের ২১ জুলাই তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। আদালত গত বছরের ৬ মার্চ অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে শুরু হয় এই জোড়া খুন মামলার বিচারকাজ।

আদালত সূত্রে জানা যায়, কামাল মাহমুদ আদালতে আজ সাক্ষ্য দেন। তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষী হিসেবে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দেন। এখন পর্যন্ত ৩৭ সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিয়েছেন ১৫ জন। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে আগামী ৩ জুলাই।