সাংসদসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিধি লঙ্ঘন করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগের উদ্যোগ নেওয়ায় পরিচালনা পর্ষদের সভাপতি সাংসদ গোলাম রাব্বানীসহ নিয়োগ কমিটির ছয় সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। কলেজের নির্বাচিত অভিভাবক প্রতিনিধি উপজেলার কালুপুর গ্রামের মো. মফিজ উদ্দীন গতকাল সোমবার শিবগঞ্জ জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে মামলাটি করেন। বিচারক ১০ দিনের মধ্যে বিবাদীদের কারণ দর্শানোর আদেশ দিয়েছেন।

মামলার আরজি সূত্রে জানা যায়, গত বছরের ১৬ জুন শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের পদ শূন্য হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ছয় মাসের মধ্যে অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করবেন। সুনির্দিষ্ট কারণ ছাড়া ছয় মাসের মধ্যে অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া শেষ করতে না পারলে আরও ছয় মাসের মধ্যে অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া শেষ করার অঙ্গীকারসহ পরিচালনা কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়কে জানাতে হবে। এ জন্য পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে। কিন্তু পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি না দিয়ে পরিচালনা কমিটিকে পাশ কাটিয়ে ওই কলেজে অধ্যক্ষ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য পরিচালনা পর্ষদের সভাপতি সাংসদ গোলাম রাব্বানী তাঁর গ্রামে অবস্থিত পুখুরিয়া কলেজে আজ নিয়োগ পরীক্ষার আয়োজন করেছেন।

বাদীর আইনজীবী আবদুল মালেক বলেন, ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর অধ্যক্ষ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২৯ সেপ্টেম্বর। কিন্তু ছয় মাস পার হলেও বিধি লঙ্ঘন করে একই বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় নিয়োগের প্রক্রিয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। উচ্চ আদালতের রায় ও শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাংসদ গোলাম রাব্বানী ‘নিয়োগ-বাণিজ্যের’ উদ্দেশ্যে অবৈধ কার্যকলাপ চালাচ্ছেন। গোলাম রাব্বানীসহ এ মামলায় বিবাদী করা হয়েছে পরিচালনা পর্ষদের সদস্যসচিব ও নিয়োগ নির্বাচন কমিটির সদস্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুন আররশিদ, আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধি আবদুস সালাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনসার উদ্দীনসহ ছয়জনকে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগপ্রক্রিয়ার কার্যক্রমের ওপর অস্থায়ী অথবা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদন জানানো হয়েছে আদালতে। তবে আদালত এ ব্যাপারে বিবাদীদের ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন।

এ সম্পর্কে সাংসদ গোলাম রাব্বানী বলেন, ‘বিধি অনুযায়ী নির্ধারিত সময় পার হওয়ার বিষয়টি আমার জানা নেই। নিয়োগপ্রক্রিয়ার মূল উদ্যোক্তা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুন আর রশিদ। অলংকার হিসেবেই কেবল ওই কলেজের সভাপতির পদে আছি। তবে বিধি ভঙ্গ হয়ে থাকার বিষয়টি জেনে নিশ্চিত হলে নিয়োগপ্রক্রিয়া স্থগিত করা হবে। নিয়োগ-বাণিজ্যের বিষয়টি উল্লেখ করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে একটি মহল।’

এ ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুন আর রশিদ বলেন, ‘এ নিয়োগপ্রক্রিয়া বাস্তবায়নের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন সাংসদ গোলাম রাব্বানী। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সম্মতি নিয়ে অধ্যক্ষ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।’