ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনকালে পুলিশের মারধরে অসুস্থ হয়ে শিক্ষক নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা হয়েছে। এতে স্থানীয় সাংসদ, তাঁর ছেলে ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
গতকাল বুধবার ময়মনসিংহের ২ নম্বর আমলি আদালতে মামলাটি করা হয়। ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণ দাবি আদায় কমিটির আহ্বায়ক ও কলেজটির শিক্ষক এস এম আবুল হাসেম মামলাটি করেন।
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মামলাটি গ্রহণ করলেও এ বিষয়ে কোনো আদেশ দেননি।
মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সাংসদ মোসলেম উদ্দিন, তাঁর ছেলে ইমদাদুল হক, ফুলবাড়িয়া কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন খান, উপাধ্যক্ষ আমজাদ হোসেন, ফুলবাড়িয়া থানার ওসি রিফাক খান রাজীব, উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ও রতন।
মামলার আরজি সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর সাংসদ মোসলেম উদ্দিন ও তাঁর ছেলে ইমদাদুল হকের প্ররোচনায় কলেজের ভেতরে ঢুকে পুলিশ শিক্ষক ও শিক্ষার্থীদের মারধর করে। এ সময় কলেজের প্রশাসনিক ভবনের সামনে ফুলবাড়িয়া থানার এসআই রফিকুল ইসলাম ও রতন কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদের বুকে লাথি মারেন। এতে তিনি আহত হন। অন্য শিক্ষকেরা অ্যাম্বুলেন্স এনে তাঁকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাতেও বাধা দেয়। পরে কোলে করে কলেজ থেকে বের করে বিকল্প পথে ভ্যানে করে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।
নিহত শিক্ষক আবুল কালাম আজাদের স্ত্রী সাইফুন্নাহার বলেন, ‘আমি স্বামীর হত্যার বিচার চাই।’
এ বিষয়ে জানতে গতকাল সাংসদ মোসলেম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। মুঠোফোনে খুদেবার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি। তাঁর ছেলে ইমদাদুল হক বলেন, ‘ফুলবাড়িয়ার ঘটনায় এর আগে তদন্ত কমিটি হয়েছে। ৩০ নভেম্বর ময়মনসিংহ সার্কিট হাউসে এক সভায় আন্দোলনকারীরা এ ব্যাপারে আর পদক্ষেপ নেবেন না বলে কথা দিয়েছিলেন। তারপরও তাঁরা মামলা করেছেন। রাজনৈতিক ও সামাজিকভাবে আমাদের হেয় করার উদ্দেশ্যে এ মিথ্যা মামলাটি করা হয়েছে।’
গত ২৭ নভেম্বর কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় ধাওয়ায় সফর আলী (৫৮) নামের একজন পথচারীও নিহত হন। তাঁর বাড়ি কুশমাইল গ্রামে।