কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় পিরিজপুর উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনয়নকে কেন্দ্র করে সাংসদের অনুসারীদের বিরুদ্ধে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে।
প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, সভাপতি পদের সমর্থন নিয়ে নারী শিক্ষক প্রতিনিধি নাজমা আক্তারের সঙ্গে সিরাজুল ইসলামের পক্ষের ভুল-বোঝাবুঝি আছে। নাজমা আক্তারকে লাঞ্ছিত করা হয়েছে—এমন তথ্য জেনে কিছু শিক্ষার্থী মিছিল বের করে। তবে কিছুক্ষণ পর শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়।
কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৩ জানুয়ারি বিদ্যালয়টিতে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন হয়। প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক সভাপতি পদে পিরিজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজুল ইসলামের নাম প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া শুরু করেন। সিরাজুল ইসলাম স্থানীয় সাংসদ মো. আফজাল হোসেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সিরাজুল বিদ্যালয়ের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন নিতে পারছিলেন না। বিদ্যালয়টির সহকারী শিক্ষক নাজমা আক্তার কমিটির নারী শিক্ষক প্রতিনিধি হিসেবে ভোটার। সিরাজুলের পক্ষ চেষ্টা করেও নাজমা আক্তারের সমর্থন আদায় করতে পারছিল না। সিরাজুলের পক্ষে সই নেওয়ার জন্য মঙ্গলবার নাজমা আক্তারকে সাংসদ বাজিতপুর পৌর শহরের ব্যক্তিগত কার্যালয়ে ডেকে নেন। সেখানে তিনি সিরাজুলের পক্ষে সই দেওয়ার নির্দেশ দেন। নাজমা সাংসদকে জানান, এ বিষয়ে না বুঝে তাঁর পক্ষে এখনই বলা সম্ভব নয়। সাংসদের কার্যালয় ত্যাগ করার সময় সিরাজুলের পক্ষের লোকজন জোর করে সই আদায়ের চেষ্টা করেন। এরপরও সই না দেওয়ায় সাংসদের পক্ষের লোকজন নাজমাকে গালিগালাজ করেন। সেখান থেকে তাঁকে বাজিতপুর দেওয়ানি আদালতে নিয়ে যাওয়া হয়। সেখানে নাজমা সংজ্ঞা হারিয়ে ফেলেন।
অভিভাবক প্রতিনিধি জসিম উদ্দিন বলেন, সভাপতি মনোনয়ন প্রক্রিয়া যথাযথ না হওয়ার অভিযোগ এনে ১৯ জানুয়ারি তিনি বাজিতপুর দেওয়ানি আদালতে মামলা করেন। সেখানে সিরাজুল ইসলামের লোকজন নাজমা আক্তারের সই আদায়ের চেষ্টা করেন। এ জন্য নানাভাবে চাপ দেওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন।
আদালত চত্বর থেকে নাজমা আক্তারকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরদিন বুধবার তাঁকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা গতকাল সকাল সোয়া ১০টার দিকে ক্লাস বর্জন করে বিক্ষোভ শুরু করে। তারা শিক্ষক লাঞ্ছনাকারীদের বিচার দাবি করে।
শিক্ষক নাজমা আক্তার গতকাল বলেন, তিনি হাসপাতাল ছেড়ে বাড়িতে এসেছেন। সেদিন কী ঘটেছে সবাই জানেন।
সিরাজুল ইসলাম বলেন, ‘আমার পক্ষের কেউ নাজমা আক্তারকে ভয়ভীতি বা লাঞ্ছনা করেননি। স্কুলে বিক্ষোভ সাধারণ ছাত্ররা করেনি। আমার প্রতিপক্ষের লোকজন বহিরাগতদের নিয়ে মিছিল করেছে।’
এ বিষয়ে সাংসদ আফজাল হোসেন বলেন, ওই শিক্ষককে তিনি কার্যালয়ে ডাকেননি। তিনিই এসেছিলেন। তাঁকে সেখানে লাঞ্ছিত করা হয়নি।