সাংসদের আপত্তিতে কপাল পুড়ল দুস্থদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার নয়টি ওয়ার্ডের এক হাজার ৫৪০টি দুস্থ পরিবার ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দ দেওয়া ভিজিএফের চাল গতকাল শনিবার পর্যন্ত পায়নি। স্থানীয় সাংসদ সুবিধাভোগীদের তালিকা ত্রুটিপূর্ণ বলে আপত্তি করায় খাদ্য বিভাগ ওই চাল ছাড় করেনি।
পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, তারা অনুমোদিত বরাদ্দপত্র স্থানীয় খাদ্য বিভাগের কার্যালয়ে জমা দিলেও সেখান থেকে বরাদ্দ ছাড় করা হয়নি। খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, বরাদ্দপত্র জমা পড়ার পর স্থানীয় সাংসদ সেটি ত্রুটিপূর্ণ বলে বরাদ্দ ছাড় স্থগিত রাখতে বলেছেন। এ ধরনের টানাহেঁচড়ায় পড়ে দুস্থদের ঈদের আনন্দ মাটি হয়েছে।
নান্দাইল পৌরসভার একাধিক কাউন্সিলর জানান, ঈদের আগেই নয়টি ওয়ার্ড থেকে কাউন্সিলররা এক হাজার ৫৪০ জন দুস্থের নামের তালিকা তৈরি করে তা পৌর কার্যালয়ে জমা দেন। তালিকাভুক্ত প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়ার কথা ছিল।
পৌর মেয়র এ এফ এম আজিজুল ইসলাম জানান, কাউন্সিলরদের কাছ থেকে তালিকাটি পেয়ে তিনি সেটি জেলা প্রশাসকের কাছ থেকে অনুমোদন করিয়ে নেন। ঈদের আগেই একজন কাউন্সিলরকে দিয়ে তিনি ১৫ দশমিক ৪০ মেট্রিক টন চালের বরাদ্দপত্র নান্দাইল উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে পাঠান। কিন্তু খাদ্য বিভাগ ওই বরাদ্দ ছাড় করেনি। কেন তারা চাল বরাদ্দ করেনি, তা তিনি বলতে পারেন না।
এ বিষয়ে খাদ্য নিয়ন্ত্রক মো. জয়নুল আবেদীন বলেন, ‘পৌরসভা থেকে ভিজিএফের চালের বরাদ্দপত্র আমার কার্যালয়ে জমা পড়ার পর এমপি স্যার আমাকে ফোন করে তালিকা ত্রুটিপূর্ণ উল্লেখ করে জেলা পর্যায় থেকে তদন্ত হওয়ার পর সেটি ছাড় করতে বলেন।’
এ বিষয়ে ময়মনসিংহ-৯ আসনের সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খানের সঙ্গে কথা বলার জন্য তাঁর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। পরে খুদে বার্তা পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি।
জেলা প্রশাসক মো. মোস্তাকীম বিল্লাহ ফারুকী বলেন, ঈদের আগেই ভিজিএফের বরাদ্দ দ্রুত ছাড় দেওয়ার জন্য খাদ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। নান্দাইল পৌরসভার ভিজিএফের তালিকা নিয়ে কোনো অনিয়মের অভিযোগ তাঁর কাছে আসেনি।