সাংসদের ইচ্ছাই কর্ম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়মানুযায়ী সংসদীয় আসনের চারটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি হতে পারেন স্থানীয় সাংসদ। অথচ এরই মধ্যে আটটি প্রতিষ্ঠানের সভাপতি হয়েছেন ঝিনাইদহ-৩ আসনের সরকারদলীয় সাংসদ নবী নেওয়াজ। এখন আরও একটির সভাপতি হওয়ার জন্য ডিও লেটার (চাহিদাপত্র) দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সাংসদ নবী নেওয়াজ ইতিমধ্যে মহেশপুর মহিলা কলেজ, যাদবপুর কলেজ, কাঠগড়া কলেজ, পদ্মপুকুর কলেজ, কোটচাঁদপুর মহিলা কলেজ এবং মহেশপুর বালিকা বিদ্যালয়, কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কোটচাঁদপুর কামিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। এখন জিন্নাহনগর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হওয়ার জন্য ডিও লেটার দিয়েছেন।
জানতে চাইলে সাংসদ নবী নেওয়াজ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘স্কুল কমিটিই সভাপতির জন্য আমার নাম প্রস্তাব করেছে। এ বিষয়ে আমার কোনো আগ্রহ নেই।’ আপনি তো ডিও লেটার দিয়েছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে ডিও লেটার দিয়েছিলাম। পরে সেটা আর লাগেনি।’
মহেশপুর উপজেলার বাজার জিন্নাহনগরে ১৯৪৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন স্থানীয় কিছু শিক্ষানুরাগী। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৬১০ জন। শিক্ষকেরা জানান, বিদ্যালয়টি অনেক পুরোনো হলেও এর আশানুরূপ কোনো উন্নয়ন হয়নি। মাত্র নয়জন শিক্ষক দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ সাতজন শিক্ষকের পদ শূন্য রয়েছে। গত ফেব্রুয়ারিতে প্রধান শিক্ষক আলাউদ্দিন অবসর নিলে উম্মে হাবিবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নেন।
বিদ্যালয়ের একাধিক অভিভাবক জানান, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ গঠন নিয়ে নানা সময়ে বিরোধ ছিল। যখন যাঁরা সরকারে থাকেন, তাঁরাই জোর করে সভাপতির পদে কাউকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে আগে মামলাও হয়েছে। এসব কারণে বিদ্যালয়টি এত দিন ঠিকমতো পরিচালিত হয়নি। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অভিভাবক ও শিক্ষকেরা এবার নির্বাচনের মাধ্যমে নিরপেক্ষ কমিটি করতে চেয়েছিলেন। এ লক্ষ্যে ১৩ সেপ্টেম্বর অভিভাবক সদস্য নির্বাচন করা হয়।
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা জানান, অভিভাবকদের গোপন ব্যালটের মাধ্যমে পাঁচজন সদস্য নির্বাচিত হন। আর তিনজন শিক্ষক প্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
একজন নির্বাচিত অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে জানান, তাঁরা এলাকার একজন শিক্ষানুরাগীকে সভাপতি নির্বাচিত করতে চেয়েছিলেন। কিন্তু ১৫ সেপ্টেম্বর তাঁদের জানানো হয়, সভাপতি হচ্ছেন সাংসদ নবী নেওয়াজ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে ১৮ সেপ্টেম্বর তাঁদের ডেকে পাঠানো হয়। সেখানে যাওয়ার পর সাংসদের ডিও লেটার দেখিয়ে সবাইকে রেজুলেশন (কার্যবিবরণী) সই করতে বলা হয়। তাঁরা বাধ্য হয়ে সই দেন।
কয়েকজন শিক্ষক জানান, সাংসদের স্বেচ্ছাচারিতার কারণে এলাকার সাধারণ মানুষের ইচ্ছার মৃত্যু ঘটেছে। পাশাপাশি স্থানীয় কেউ সভাপতি না হওয়ায় বিদ্যালয়ের সার্বক্ষণিক খোঁজখবর নেওয়ার কেউ থাকল না। একজন অভিভাবক জানান, ভবিষ্যতে এই প্রতিষ্ঠানে কয়েকজন শিক্ষক নিয়োগ করা হবে। সেখানে বাণিজ্য করা হবে। এ কারণে সভাপতির পদটি অনেকেই দখল করতে চাচ্ছে।
উম্মে হাবিবা জানান, সাংসদ সভাপতি হতে চাওয়ায় প্রতিনিধিরা তাঁকেই নির্বাচিত করেছেন। নির্বাচিত অভিভাবক সদস্য ফারুক হোসেন জানান, তাঁরা চেয়েছিলেন বিদ্যালয়ে বসে সভাপতি নির্বাচন করতে। কিন্তু সাংসদের ডিও লেটারের কারণে শিক্ষা অফিসে তাঁদের ডেকে তাঁকেই (সাংসদ) সভাপতি নির্বাচন করতে বাধ্য করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল বারী বলেন, সাংসদ ডিও লেটার দেওয়ায় সর্বসম্মতিক্রমে তাঁকেই সভাপতি নির্বাচিত করা হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আমজাদ হোসেন জানান, আইন অনুযায়ী সাংসদেরা মাধ্যমিক স্তরের চারটির বেশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন না। এ ক্ষেত্রে কী ঘটেছে তা তিনি বলতে পারছেন না।
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমিরুল আলম খান জানান, চারটির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো অবস্থাতেই সাংসদেরা সভাপতি হতে পারবেন না। আইনে এটা থাকলেও তাঁরা সেটা মানেন না।