সাংসদের উপস্থিতিতে টিকিট কাউন্টার তছনছ!
ভিআইপি ফটক খুলতে দেরি হওয়ায় নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারের টিকিট কাউন্টারে গতকাল শুক্রবার হামলার ঘটনা ঘটেছে। বগুড়ার আদমদীঘি-দুপচাঁচিয়া আসনের জাতীয় পার্টির সাংসদ নুরুল ইসলাম তালুকদারের উপস্থিতিতে তাঁর লোকজন ওই টিকিট কাউন্টার তছনছ করেছেন বলে অভিযোগ উঠেছে।
তবে টিকিট কাউন্টার তছনছের অভিযোগ অস্বীকার করেছেন সাংসদ নুরুল ইসলাম তালুকদার।
পাহাড়পুর জাদুঘরের কাস্টডিয়ান সাদেকুজ্জামান বলেন, আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাংসদ নুরুল ইসলাম তালুকদার তাঁর কলেজের লোকজন নিয়ে গতকাল সকালে পাহাড়পুর বৌদ্ধবিহারে পিকনিক করতে আসেন। ভিআইপি ফটক দিয়ে সাংসদ গাড়ি নিয়ে ভেতরে ঢোকেন। পিকনিক শেষে বিকেল সাড়ে চারটার দিকে সাংসদ গাড়ি নিয়ে রওনা হন। তখন ভিআইপি ফটকটি বন্ধ ছিল। এ সময় ফটক খুলতে দেরি হওয়ায় সাংসদের লোকজন গাড়ি থেকে নেমে কাউন্টারের বুকিং সহকারী মনজুরুল হোসেনকে লাঞ্ছিত করেন। তাঁরা টিকিট কাউন্টার তছনছ করেন। সাংসদ গাড়িতে বসে ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে সাংসদ নুরুল ইসলাম তালুকদার গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কলেজের পক্ষ থেকে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে পিকনিকে গিয়েছিলাম। ফেরার সময় সেখানকার কর্মচারীরা ভিআইপি ফটক খুলে দিচ্ছিলেন না। বিষয়টি নিয়ে আমার লোকজনের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়েছে। টিকিট কাউন্টার তছনছের ঘটনা ঘটেনি।’