সাংসদের কার্যালয়ে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ
রাজধানীর পুরানা পল্টনে আওয়ামী লীগ-দলীয় সাংসদ গাজী গোলাম দস্তগীরের রাজনৈতিক কার্যালয়ে গতকাল সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। পেটে গুলিবিদ্ধ মোশাররফ হোসেনকে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পল্টন থানা-পুলিশ সাংসদের এপিএস কামরুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।
মোশাররফ রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক। গাজী গোলাম দস্তগীর ওই এলাকারই সাংসদ। তিনি ঘটনার সময় কার্যালয়ে ছিলেন না বলে জানিয়েছে পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মাসুদ রানা নামে উপজেলা ছাত্রলীগের আরেক নেতা মোশাররফকে গুলি করেছেন। দুদিন আগে ভুলতায় তাঁদের মধ্যে ঝগড়া হয়। তা মীমাংসার জন্য তাঁরা সাংসদের এপিএস কামরুজ্জামানের কাছে এসেছিলেন। তখনই কথা-কাটাকাটির একপর্যায়ে গুলির ঘটনা ঘটে।
রাতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উনিশতলা একটি ভবনের দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটে। দ্বিতীয় তলায় সাংসদের রাজনৈতিক কার্যালয়ের পাপোশে ও নিচতলায় সিঁড়ির পাশের মেঝেতে রক্তের দাগ দেখা গেছে।
ভবনের একজন নিরাপত্তাকর্মী বলেন, ভবনটির সাততলা পর্যন্ত গাজী গ্রুপের কার্যালয়। দ্বিতীয় তলায় গাজী গোলাম দস্তগীরের রাজনৈতিক কার্যালয়। মাঝেমধ্যে এলাকার লোকজন ওই কার্যালয়ে আসেন। গতকাল বিকেলে ১০-১৫ জন এসেছিলেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে গুলি হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক গাজী গ্রুপের একজন কর্মকর্তাও একই ধরনের কথা বলেছেন।
ঘটনাস্থলে থাকা র্যা ব-৩-এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, গুলিটি মোশাররফের পেটের বাঁ দিকে ঢুকে ডান দিকে আটকে ছিল। কী নিয়ে ঘটনা ঘটেছে জানার চেষ্টা চলছে। ঘটনার সময় ঘটনাস্থলে সাংসদ ছিলেন না। এ ঘটনায় কামরুজ্জামান নামের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জিজ্ঞাসাবাদের জন্য পল্টন থানায় নিয়ে যাওয়া হয়েছে। তিনি নিজেকে সাংসদের এপিএস বলে পরিচয় দিয়েছেন।
রাত নয়টার দিকে পুলিশের ক্রাইম সিন ইউনিটের একটি দল ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে। পুলিশ ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করে পর্যবেক্ষণের জন্য নিয়ে গেছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গুলি করেই মাসুদ রানা পালিয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। রাত সাড়ে ১২টা পর্যন্ত কামরুজ্জামান থানাতেই ছিলেন।