সাংসদের কার্যালয়ে ছাত্রলীগ নেতাকে গুলি করা অস্ত্রটি উদ্ধার
মতিঝিলে সাংসদ গোলাম দস্তগীর গাজীর কার্যালয়ে ছাত্রলীগ নেতা মোশাররফ হোসেনকে যে আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি করা হয়েছিল সেটি উদ্ধার করেছে পুলিশ। এ সময় ইমতিয়াজ ওরফে হীরা নামে একজন গ্রেপ্তারও করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে দশটার দিকে ঢাকা মহানগর নাট্যমঞ্চ এলাকায় ইমতিয়াজের কাছ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। এ সময় ইমতিয়াজকেও গ্রেপ্তার করা হয়। অস্ত্রটি উদ্ধারের পর পুলিশ পল্টন থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করেছে। এর আগে হত্যা চেষ্টার অভিযোগে মোশাররফের ভগ্নিপতি একটি মামলা দায়ের করেন।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মোশাররফ হত্যা চেষ্টা মামলার প্রধান সন্দেহভাজন আসামি মাসুদ রানা ওরফে আশিক গুলিটি করে। এরপর সে অস্ত্রটি ইমতিয়াজের কাছে রেখে পালিয়ে যায়। সোমবার রাতে সেই অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ইমতিয়াজকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৩ ফেব্রুয়ারি রাজধানীর পুরানা পল্টন এলাকায় নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজীর রাজনৈতিক কার্যালয়ে ছাত্রলীগ নেতা মোশাররফ গুলিবিদ্ধ হন। মোশাররফ রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক। গোলাম দস্তগীর গাজী ওই এলাকারই সাংসদ। তিনি ঘটনার সময় কার্যালয়ে ছিলেন না।
একটি ঝগড়ার ঘটনা মীমাংসার জন্য তাঁরা সাংসদের এপিএস কামরুজ্জামানের কাছে এসেছিলেন মোশাররফ। তখনই কথা-কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে।
ঘটনার পর পল্টন থানা-পুলিশ সাংসদের এপিএস কামরুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পরে অবশ্য তিনি ছাড়া পেয়েছেন। এ ছাড়া মূল আসামি মাসুদ রানাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র্যাব।