সাংসদের গাড়ি বহরে হামলার ঘটনায় মামলা
ফরিদপুরে গত শনিবার দুই সাংসদের গাড়িবহরে হামলার ঘটনায় মামলা হয়েছে। রাজবাড়ীর দৌলতদিয়ার স্বেচ্ছাসেবক লীগের নেতা মো. সিদ্দিকুর রহমান গত শনিবার রাতে বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলাটি করেন।
বেআইনিভাবে একত্র হয়ে পথরোধ করে গাড়ি ভাঙচুর ও লোকজনকে আহত করার ঘটনায় মামলাটি করা হয়। মো. নজরুল (৩৪) ও ইভান (৩৩) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বাড়ি ফরিদপুর সদরের পেয়ারপুরে।
রাজবাড়ী-১ আসনের সরকারদলীয় সাংসদ কাজী কেরামত আলী ও সংরক্ষিত আসনের নারী সাংসদ কামরুন নাহার চৌধুরী গত শনিবার সকালে গাড়িবহর নিয়ে রাজবাড়ী থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে যাচ্ছিলেন। গাড়িবহরটি ঢাকা-বরিশাল মহাসড়কে পেয়ারপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের ধাক্কা লাগে। গাড়িবহরের কারণেই এই ধাক্কা লেগেছে, অভিযোগ তুলে ট্রাক ও পিকআপের চালক এবং আশপাশের লোকজন গাড়িবহরে হামলা চালান। এ সময় বহরের লোকজনও বাস থেকে নেমে ট্রাকে হামলা চালান। পাল্টাপাল্টি হামলায় বহরের ১৩ জন আহত হন।