সাংসদের গুলিতে আহত শিশুটি শঙ্কামুক্ত
গাইবান্ধায় সাংসদের গুলিতে রক্তাক্ত আট বছরের শিশু শাহাদাত হোসেন ওরফে সৌরভ এখন শঙ্কামুক্ত। তার শরীরে কোনো গুলি আটকে ছিল না। শাহাদাতের দুই পায়ে তিনটি গুলির ক্ষত রয়েছে। এ ঘটনায় আজ শনিবার বেলা দেড়টা পর্যন্ত কোনো মামলা হয়নি।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল শুক্রবার থেকে চিকিৎসাধীন শাহাদাত। হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শুভ কুমার দাস প্রথম আলোকে বলেন, চিকিৎসার পর শাহাদাতের রক্ত পড়া বন্ধ হয়েছে। সে এখনশঙ্কামুক্ত। শিশুটির চাচা শাহজাহান আলীও শাহাদাত সুস্থ আছে বলে জানান।
গতকাল শুক্রবার সকালে গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগের সাংসদ মঞ্জুরুল ইসলাম ওরফে লিটনের গুলিতে আহত হয় চতুর্থ শ্রেণির ছাত্র শাহাদাত। তাকে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সও আটকে দিয়েছিল সাংসদের সমর্থকেরা। পরে পুলিশের হস্তক্ষেপে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে ভর্তি করা হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিন্নাত আলী বেলা দেড়টার দিকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
আরও জানতে পড়ুন ...
সাংসদের গুলিতে রক্তাক্ত শিশু