সাংসদের ঘোষণার পরও বহাল অবৈধ ট্রাকস্ট্যান্ড

নারায়ণগঞ্জ নগরের নিতাইগঞ্জে অবৈধ ট্রাকস্ট্যান্ড এখনো বহাল তবিয়তে। সড়ক দখল করে দিনের বেলা ট্রাকে মালামাল ওঠানো-নামানো হচ্ছে। ব্যস্ততম এই সড়কের বেশির ভাগ অংশ ট্রাক দিয়ে দখল করে রাখায় যানজটও তীব্র হচ্ছে।
গত রোববার নগর ভবনে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট অনুষ্ঠানে স্থানীয় সাংসদ সেলিম ওসমান নিতাইগঞ্জে দিনের বেলা কোনো ট্রাক দাঁড়াতে পারবে না বলে ঘোষণা দেন।
বাজেট অনুষ্ঠানে নিতাইগঞ্জ ট্রাকস্ট্যান্ডের বিষয়ে এক প্রশ্নের জবাবে সাংসদ সেলিম ওসমান বলেছিলেন, ‘এখানে দিনের বেলায় কোনো ট্রাক দাঁড়াতে পারে না। এখানে রাতের বেলায় ট্রাক আনলোড (খালি) করতে হবে। যদি কোনো ব্যবসায়ীর ব্যবসা না হয়, তাহলে ব্যবসা ছেড়ে চলে যেতে হবে।’
ওই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘নগর ভবনের সামনে ট্রাকস্ট্যান্ডটি নিয়ে আমি ১৩ বছর ধরে লড়ছি। ওয়ান-ইলেভেনের সময় যদি সেটি উন্মুক্ত থাকতে পারে, সেখানে একটি ট্রাকও থাকতে না পারে; এখন নির্বাচিত জনপ্রতিনিধি থাকাকালে কেন এভাবে একটি প্রতিষ্ঠানকে অবরুদ্ধ করে রাখা হবে।’
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, নগরের বঙ্গবন্ধু সড়কের ১০০ শয্যার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) থেকে নিতাইগঞ্জ শাহ সুজা রোড পর্যন্ত সড়কে দুই থেকে তিনটি সারিতে ট্রাক দাঁড় করে রাখা হয়েছে। সেখানে বিভিন্ন মোকাম (গদিঘর) থেকে চিনি, ভোজ্যতেল, আটা-ময়দা, চালসহ বিভিন্ন মালামাল ঠেলাগাড়িতে করে এনে শ্রমিকেরা ট্রাকে তুলছেন। একইভাবে ট্রাক থেকে বিভিন্ন পণ্য নামাতেও দেখা গেছে। সড়কে দুই থেকে তিন সারিতে ট্রাক রাখায় নগরের প্রধান সড়ক সরু হয়ে যান চলাচলে বিঘ্ন ঘটছে। সৃষ্টি হচ্ছে যানজট। বিশেষ করে স্কুল-কলেজ, অফিস-আদালতগামীসহ বিভিন্ন গন্তব্যের মানুষ যানজটে ভোগান্তি পোহাচ্ছে।
রাসেল নামে ট্রাকচালকের এক সহকারী বলেন, ট্রাকে তাঁরা চিনি, ভোজ্যতেল, আটা-ময়দা ওঠাচ্ছেন। সকাল থেকে তাঁর ট্রাকটি বঙ্গবন্ধু সড়কের ন্যাশনাল ব্যাংকের সামনে দাঁড় করিয়ে রেখেছেন। মালামাল ওঠানো শেষে ঈশ্বরগঞ্জের উদ্দেশে রওনা হবেন তিনি। আরেক ট্রাকচালকের সহকারী খোকন মিয়া বলেন, তাঁর ট্রাকে গমের ভুসি ভরা হচ্ছে। ৪০০ বস্তা গমের ভুসি ভরা হলে তাঁরা কালীগঞ্জের উদ্দেশে রওনা হবেন।
বিকে রোড (খাল ঘাট) এলাকার মেঘনা স্টোরের মতি সাহা যানজটের জন্য ট্রাকমালিক-শ্রমিকদের দায়ী করেন। তিনি বলেন, নিতাইগঞ্জ হচ্ছে পাইকারি ব্যবসাকেন্দ্র। দিনের বেলায় মালামাল লোড-আনলোড বন্ধ করা হলে রাতে এখানে পাইকারেরা মালামাল নিতে আসেন না। ব্যবসা এখান থেকে অন্যত্র চলে যাবে।
এ বিষয়ে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, ‘নিতাইগঞ্জে যুগের পর যুগ এই অবস্থা চলে আসছে। যানজটের কারণে আমার ছেলেমেয়েদের স্কুলে যেতে সমস্যা হচ্ছে। যেভাবে মালামাল লোড-আনলোড করা হচ্ছে, এটা ঠিক না।’
নিতাইগঞ্জের ২ নম্বর শাহ সুজা রোড এলাকার ট্রাফিক কনস্টেবল মো. আজগর বলেন, ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত নিতাইগঞ্জে ট্রাকে মালামাল ওঠানো-নামানো হয়। মূলত সকাল ১০টার পর থেকে যানজট বাড়তে থাকে।
রোববারের ঘোষণার বিষয়ে সাংসদ সেলিম ওসমান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘নির্দেশ দেওয়ার প্রশ্নই ওঠে না। উভয় পক্ষই দেখতে হবে। ব্যবসায়ীরাও যাতে কাজ করতে পারেন, জনগণেরও যেন অসুবিধা না হয়।’ তিনি বলেন, ‘দিনের বেলাও মালামাল ওঠানামা করতে পারে, কিন্তু জনগণের যেন কোনো অসুবিধা না হয়। আমি কালকে (আজ বুধবার) বসছি সব ব্যবসায়ীর সঙ্গে, ট্রাকের মালিক-শ্রমিকদের সঙ্গে। রাস্তার ওপর কোনোভাবে যাতে এভাবে অসুবিধা না করা হয়।’
এ বিষয়ে জানতে নিতাইগঞ্জ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিনের মুঠোফোনে গতকাল রাতে কল দিয়ে বন্ধ পাওয়া যায়।
নিতাইগঞ্জ ব্যবসায়ী মালিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান বলেন, এ বিষয়ে কালকে স্থানীয় সাংসদের সঙ্গে ব্যবসায়ীদের আলোচনা হবে।