সাংসদের ছেলেকে প্রতিমন্ত্রীর ভাইয়ের হুমকি, থানায় জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ছেলেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মসিউর রহমানের ছোট ভাই মুঠোফোনে হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গত সোমবার রাতে হাতীবান্ধা থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মোতাহার হোসেনের ছেলে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান। গত রোববার রাত সোয়া ১১টার দিকে মসিউর রহমানের ছোট ভাই মহিউল ইসলাম মুঠোফোন থেকে তাঁকে হুমকি দেন মর্মে জিডিতে অভিযোগ করা হয়েছে।

মহিউল ইসলাম বলেন, তিনি কোনো হুমকি দেননি। মোবাইল ফোনে কথা বলার সময় তিনি তাঁকে বিভিন্ন বিষয়ে সৎ পরামর্শ দিয়েছেন মাত্র।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন প্রধান জিডি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি এর বেশি কিছু বলতে চাননি।