সাংসদের জন্য দেড়ঘণ্টা রাস্তায় শিক্ষার্থীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেকুয়ার সাংসদ মোহাম্মদ ইলিয়াছকে স্বাগত জানাতে সড়কের দুপাশে দাঁড় করিয়ে রাখা হয় শিক্ষার্থীদের। ছবিটি গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তোলা l প্রথম আলো
পেকুয়ার সাংসদ মোহাম্মদ ইলিয়াছকে স্বাগত জানাতে সড়কের দুপাশে দাঁড় করিয়ে রাখা হয় শিক্ষার্থীদের। ছবিটি গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তোলা l প্রথম আলো

কক্সবাজারের চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ মোহাম্মদ ইলিয়াছ গতকাল মঙ্গলবার দুপুরে পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নে নতুন তিনটি সেতুর উদ্বোধন করেন। তাঁকে স্বাগত জানাতে ওই ইউনিয়নের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থীকে দেড় ঘণ্টা ধরে রাস্তায় দাঁড় করিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। কোনো অতিথিকে অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় না করানোর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল বেলা একটার দিকে সাংসদ মোহাম্মদ ইলিয়াছ টৈটং ইউনিয়নের বটতলী এলাকায় যান। সেখানে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে তিনটি সেতুর উদ্বোধন করেন। তাঁকে স্বাগত জানাতে বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত ইউনিয়নের বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বটতলী শফিকিয়া দাখিল মাদ্রাসা-সংলগ্ন রাস্তায় কয়েক শ শিক্ষার্থী রাস্তায় দাঁড়িয়ে ছিল। শিক্ষকেরা তাদের রাস্তায় দাঁড় করিয়ে রাখেন বলে জানায় শিক্ষার্থীরা।

বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইদা খানম বলেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি আবদুর রহিমের নির্দেশে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার ব্যাপারে তিনি অবগত নন বলে দাবি করেন।

যোগাযোগ করা হলে আবদুর রহিম বলেন, টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলামের কথায় এমপিকে স্বাগত জানাতে শিক্ষার্থীদের রাস্তার দুপাশে দাঁড় করানোর জন্য বলা হয়।

এ ব্যাপারে টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা দেয়াল করে দেওয়ার জন্য সাংসদকে দরখাস্ত দেওয়া হয়েছিল। তিনি খুশি হবেন মনে করে বিদ্যালয়ের স্বার্থেই শিক্ষার্থীদের স্বাগত জানাতে বলেছি। তবে এটা যে নীতিমালা বিরোধী কাজ, তা জানতাম না।

বটতলী শফিকিয়া মাদ্রাসার সুপার (প্রধান) ছাবের আহমদ প্রথম আলোকে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা জানা থাকলেও নিজের দায়বোধ থেকে এ কাজটি করেছি। তবে আমার ভুল হয়েছে।’

এ প্রসঙ্গে জানতে চাইলে পেকুয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা সালামত উল্লাহ বলেন, বিষয়টি জানা নেই। যদি নির্দেশনা অমান্য করে কেউ এ কাজ করে, তবে ব্যবস্থা নেওয়া হবে।

পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ বলেন, টৈটং ইউনিয়নের মালগাড়া সড়কের লেইঙ্গাছড়া খালের ওপর ৪০ লাখ ৯৪ হাজার ৫০০ টাকায় একটি সেতু, হাবিবপাড়া সড়কে লেইঙ্গাছড়া খালের ওপর ৩২ লাখ ৫২ হাজার ৬৫৩ টাকায় আরেকটি সেতু ও শফিকিয়া মাদ্রাসা সড়কে বটতলীছড়া খালে ৪০ লাখ ৬৮ হাজার ৯১৫ টাকায় আরও একটি সেতু নির্মিত হয়। গতকাল দুপুরে সাংসদ মোহাম্মদ ইলিয়াছ এ তিনটি সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।