সাংসদের দলীয় সভা, তাই আধা বেলা স্কুল বন্ধ!
রংপুরের বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয়ে আওয়ামী লীগের সাংসদ দলীয় সভা করায় ওই শিক্ষাপ্রতিষ্ঠানটি আধা বেলা বন্ধ রাখার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ওই সভা ডাকেন সাংসদ নিজেই। স্কুল বন্ধ রেখে দলীয় সভা করার ওই ঘটনায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের সভাকক্ষে সাংসদের ওই দলীয় সভা সুষ্ঠুভাবে করার লক্ষ্যে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বরাবর চিঠি দেন। এ পরিপ্রেক্ষিতে গতকাল বেলা একটায় বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল বেলা ৩টায় বিদ্যালয় চলাকালীন সেখানে দলীয় ওই সভা ডাকেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাংসদ আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী। নেতা-কর্মীদের কাছে পাঠানো চিঠিতে তাঁর স্বাক্ষরও রয়েছে।
গতকাল বেলা সাড়ে তিনটায় ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পুলিশি প্রহরায় বিদ্যালয়ের সভাকক্ষে দলীয় সভা করছেন সাংসদ। স্থানীয় আওয়ামী লীগের সাধারণ নেতা-কর্মীদের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় দলীয় কার্যালয়ে সাংসদ ওই সভা না করে পুলিশি প্রহরায় বিদ্যালয়ে সভা করেছেন বলে আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়।
এদিকে বিদ্যালয় আধা বেলা বন্ধ রেখে সাংসদের ওই দলীয় সভা করার ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তৈরি হয় অসন্তোষ। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘স্কুল বন্ধ রেখে রাজনৈতিক সভা করতে হবে কেন? দলীয় সভা করার আর কি কোনো জায়গা নেই? আওয়ামী লীগের কার্যালয় আছে, উপজেলা পরিষদের বিশাল অডিটরিয়াম পড়ে আছে। সেখানে সভা করলে তো স্কুল বন্ধ রাখতে হতো না।’
আরেক অভিভাবক আবদুল হাকিম বলেন, ‘এসএসসি পরীক্ষার মূল কেন্দ্র ছিল ওই বিদ্যালয়। দীর্ঘ এক মাস ওই পরীক্ষা চলার কারণে এমনিতেই সেখানে পাঠদান করানো হয়নি। এতে শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছে। তার ওপর এভাবে স্কুল বন্ধ দিয়ে সেখানে এমপির দলীয় সভা করাটা আমরা অভিভাবকেরা মানতে পারছি না।’
প্রধান শিক্ষক ময়নুল হক সরকার বলেন, ‘বিদ্যালয়ের হলরুমে সাংসদ বেলা তিনটায় দলীয় সভা করবেন মর্মে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এমডি শামসুল হক স্কুল পরিচালনা কমিটির সভাপতির কাছে আবেদন করেছেন। সভাপতি অনুমতিও দিয়েছেন। স্কুলে পাঠদান চলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তাই স্কুল আধা বেলা বন্ধ রাখতে হয়েছে।’
ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংসদের চাচা জাহেদুল হক চৌধুরী বলেন, ‘এমপি দলীয় সভা ডাকায় স্কুল আধা বেলা বন্ধ দেওয়া হয়েছে।’
গতকাল বিকেলে ওই সাংসদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেএ তিনি ফোন ধরেননি। এ কারণে তাঁর বক্তব্য জানা যায়নি।
তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল চৌধুরী বলেন, ‘স্কুলে এমপির ওই দলীয় সভা ডাকার বিষয়টি আমি জানি না। বিধি মোতাবেক দলীয় ওই সভা আমার ডাকার কথা। সাংসদ ব্যাপকভাবে অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। আওয়ামী লীগের সাধারণ নেতা-কর্মীদের তিনি মূল্যায়ন করছেন না।