সাংসদের নাম ভাঙিয়ে শতকোটি টাকা আয়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের স্থানীয় সাংসদ ইমরান আহমদের নাম ভাঙিয়ে অবৈধভাবে শতকোটি টাকার মালিক হয়েছেন সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী। গতকাল মঙ্গলবার সিলেটের দুটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেছেন জৈন্তাপুরের দরবস্ত ইউনিয়নের লামা গ্রামের বাসিন্দা আমিন আহমদ।

আমিন আহমদ দরবস্ত ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও উপজেলার শ্রীপুর পাথর কোয়ারিতে গত ৩ ডিসেম্বর আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত হোসেন আহমদের ছোট ভাই। এ ঘটনায় লিয়াকত আলীসহ আওয়ামী লীগের একটি পক্ষের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলার বাদী তিনি। লিয়াকতসহ হত্যা মামলার আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তাঁকে হুমকি-ধমকি দিচ্ছেন বলে সংবাদসম্মেলনে অভিযোগ করেন আমিন আহমদ।

সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমিন আহমদ বলেন, লিয়াকত আলী একসময় স্থানীয় জলমহালের পাহারাদার ছিলেন। পরে বালু-পাথর ব্যবসার নামে অবৈধ পাথর উত্তোলনযন্ত্র পরিচালনা করে রাতারাতি টাকাওয়ালা বনেছেন। শূন্য থেকে এখন শতকোটি টাকার মালিক হয়েছেন। ২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার সময় লিয়াকতের হলফনামার সম্পদের তথ্য সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।

হলফনামার তথ্য অনুযায়ী, লিয়াকতের বার্ষিক আয় ছিল ২ লাখ ৩৫ হাজার টাকা এবং তাঁর স্থাবর সম্পত্তি ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের আধাপাকা একটি ঘর ও ১০ হাজার টাকা মূল্যের একটি বাড়ি। সংবাদ সম্মেলনে বলা হয়, নয় বছরে লিয়াকত শতকোটি টাকার মালিক হয়েছেন। এর মধ্যে তিনি সরকারদলীয় স্থানীয় (সিলেট-৪) সাংসদ ইমরান আহমদের সান্নিধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদটিও বাগিয়ে নিয়েছেন। ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রভাবে লিয়াকত জৈন্তাপুর ছাড়াও গোয়াইনঘাটের জাফলং ও বিছনাকান্দি এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন এককভাবে নিয়ন্ত্রণ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনী লালন করছেন। জৈন্তাপুরের আলুবাগান এলাকায় খাসিয়া সম্প্রদায়ের জমি অবৈধ দখল করে বানকান স্টোন ক্রাশার নামে একটি পাথর ভাঙার অবৈধ কল, মোকামপুঞ্জিতে বাংলোবাড়ি, খাসিয়া হাটিতে বানিয়ল হাউস নামে কয়েক কোটি টাকা মূল্যের বাড়ি ক্রয়, জৈন্তাপুর বাসস্টেশন এলাকায় কোটি টাকা মূল্যের অর্পিত সম্পত্তি জাল কাগজ বানিয়ে তাঁর (লিয়াকত) ভাইয়েরা দখল করেছেন। এ ছাড়া সিলেটের বটেশ্বর এলাকায় কোটি টাকা মূল্যের বাড়ি এবং নগরের সুবিদবাজার এলাকায় ফ্ল্যাটবাড়ির মালিক হয়েছেন লিয়াকত।

লিয়াকত ও তাঁর বাহিনীর প্রভাবে জৈন্তাপুর ও জাফলং এলাকায় একের পর এক সন্ত্রাসী ও হত্যার ঘটনা ঘটছে দাবি করে সংবাদ সম্মেলনে আমিন আহমদ তাঁর ভাই হোসেন আহমদ হত্যার ঘটনা তুলে ধরেন। এ প্রসঙ্গে বলা হয়, ‘আমার ভাই প্রবাসী ছিলেন। দেশে ফিরে তিনি শ্রীপুর নিজের জমিতে প্রবাসী বিনিয়োগে একটি হাসপাতাল করার চেষ্টা করছিলেন। এ উদ্যোগ ঠেকাতে কৌশলে লিয়াকত তাঁর বাহিনী দিয়ে সংঘর্ষ ও পরবর্তীতে হত্যার ঘটনা ঘটিয়েছেন।’

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমিন আহমদ বলেন, লিয়াকতের বিরুদ্ধে জনগণ ক্রমে প্রতিবাদী হয়ে ওঠায় সাংসদ ইমরান আহমদের সঙ্গে তাঁর (লিয়াকত) সম্পর্ক আর আগের মতো নেই। সাংসদের প্রভাবকে পুঁজি করে ক্ষমতার দাপটে রাতারাতি শতকোটি টাকার মালিক হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তাদের দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন আমিন আহমদ।

সংবাদ সম্মেলনে জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক কুতুব উদ্দিন, দরবস্ত এলাকার মুরব্বি সিরাজুল হক, আলাউদ্দিন, আতাউর রহমান, আবদুল কাদির, ফারুক আহমদ, শাহেদ আহমদ, জাহিদুল ইসলাম, এরশাদুল আলম চৌধুরী, আবদুল বাছিত উপস্থিত ছিলেন।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা লিয়াকত আলীর দাবি, ‘প্রতিহিংসাবশত মিথ্যা ও বানোয়াট অভিযোগ করা হয়েছে। আমি শতকোটি টাকার মালিক নই। অবৈধভাবে কোনো উপার্জনও করিনি। এসব বলে বিভ্রান্তি ছড়ানো যাবে, কিন্তু কোনো প্রমাণ করা যাবে না।’ শ্রীপুর পাথর কোয়ারিতে সংঘর্ষে নিহত হওয়ার ঘটনায় তাঁকে রাজনৈতিকভাবে অপদস্থ করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে দাবি করে লিয়াকত আলী বলেন, ‘আমি এ মামলা আইনিভাবে মোকাবিলা করব। বর্তমানে জামিনে আছি। স্থানীয় একটি মহল দীর্ঘদিন ধরে আমাকে হেয় করার অপচেষ্টা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সংবাদ সম্মেলন করে মিথ্যা অভিযোগ করা হয়েছে।’