খুনের হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ এনে কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ মো. তাজুল ইসলামের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও কম্পিউটার ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন ফারুক।
গত বুধবার রাতে রাজধানীর পল্লবী থানায় ওই জিডি করা হয়। জিডিতে মো. তাজুল ইসলামের সাংসদ পরিচয় উল্লেখ করা হয়নি। তবে সাংসদের ঢাকা ও গ্রামের বাড়ির ঠিকানা ব্যবহার করা হয়েছে। জিডির তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) দিদার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এ প্রসঙ্গে সাংসদ মো. তাজুল ইসলাম গতকাল বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে জিডি হয়েছে কি না, আমি জানি না। আমি কেন তাঁকে (ফারুক) হুমকি দেব? শুনেছি ছেলেটি এলাকায় থাকে না। ঢাকায় থাকে।’
এ প্রসঙ্গে দেলোয়ার হোসেন বলেন, ‘সাংসদের নির্বাচনী এলাকার একজন ভোটার ও আওয়ামী লীগের কর্মী হিসেবে আমি জিডিতে তাঁর পদবি উল্লেখ করিনি।’