সাংসদের নির্দেশে গ্রেপ্তার মুক্তিও তাঁর নির্দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বেতাগীতে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তারকৃত আওয়ামী লীগের কর্মী জামাল হোসেনকে গত বুধবার সাংসদ শওকত হাচানুর রহমানের নির্দেশে মুচলেকা রেখে ছেড়ে দিয়েছে পুলিশ। একই সঙ্গে চাঁদাবাজির অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করা হয়।
বুধবার বেতাগী থানা-পুলিশ ঠিকাদার সিদ্দিকুর রহমানের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে জামালকে গ্রেপ্তার করে। পরে জামালের মুক্তির দাবিতে বেতাগী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের কয়েক শ নেতা-কর্মী বেতাগী থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। আওয়ামী লীগের স্থানীয় নেতারা অভিযোগ করেন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) বরগুনা কার্যালয় থেকে বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনের আওয়ামী লীগের সাংসদ শওকত হাচানুর রহমান নিজ নির্বাচনী এলাকার ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র সংস্কারের ১৭ কোটি টাকার কাজ প্রভাব খাটিয়ে নিয়ে নেন। এই কাজ দলীয় নেতা-কর্মীদের মধ্যে ভাগাভাগি করে দেওয়ার কথা থাকলেও সাংসদ তাঁর নিজের লোক দিয়ে করাচ্ছেন। নেতা-কর্মীরা এতে ক্ষুব্ধ হলে তিনি নানাভাবে তাঁদের হয়রানি করছেন। বুধবার এ ঘটনার জেরে জামালকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়।
অভিযোগ অস্বীকার করে সাংসদ শওকত হাচানুর বলেন, ‘আমার এলাকায় কেউ চাঁদাবাজি করলে তাঁকে আমি ছেড়ে দেব না।’
বেতাগী থানার ওসি শাহিন মিয়া বলেন, এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় সাংসদ হাচানুর জামালকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। বুধবার রাতেই জামালকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে চাঁদা দাবির ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে অভিযোগের তদন্ত চলছে।