সাংসদের নির্দেশে ভাঙা হলো পুলিশ ফাঁড়ির দেয়াল
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া বটতলা এলাকায় আজ রোববার বিকেলে নির্মাণাধীন পুলিশ ফাঁড়ির সীমানা দেয়াল ভেঙে ফেলা হয়েছে। স্থানীয় সাংসদের নির্দেশে এই দেয়াল ভাঙা হয় বলে অভিযোগ উঠেছে।
দেয়াল ভাঙার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। তবে পরে সাংসদের চাপে পড়ে পুলিশ তাদেরও ছেড়ে দিতে বাধ্য হয় বলে অভিযোগ।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা বলেন, বেশ কিছুদিন ধরে কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া বটতলা এলাকায় একটি পুলিশ ফাঁড়ি নির্মাণ করা হচ্ছিল। নির্মাণের অংশ হিসেবে চারপাশে তোলা হচ্ছিল সীমানা দেয়াল। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আজ বিকেলে কায়েতপাড়া ইউনিয়নের একটি স্কুলে আয়োজিত অনুষ্ঠানে যাচ্ছিলেন স্থানীয় সাংসদ গোলাম দস্তগীর গাজী। পথে তিনি চনপাড়া বটতলা এলাকায় নির্মাণাধীন পুলিশ ফাঁড়ির সামনে গাড়িবহর নিয়ে থামেন। তখন তিনি রাস্তাসংলগ্ন পুলিশ ফাঁড়ির সীমানা দেয়াল ভেঙে ফেলার নির্দেশ দেন। পরে তাঁর সঙ্গে থাকা লোকজন দেয়াল ভাঙা শুরু করেন। নির্দেশ দিয়ে সাংসদ অনুষ্ঠানে চলে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেয়াল ভাঙার অভিযোগে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে পুলিশ তাঁদের ছেড়ে দেয়।
আজ রাত সাড়ে আটটার দিকে মুঠোফোনে সাংসদ গোলাম দস্তগীর গাজী সাংবাদিকদের বলেন, পুলিশ ফাঁড়ির দেয়াল নির্ধারিত জায়গা অতিক্রম করে মানুষের চলাচলের রাস্তা দখল করে নির্মাণ করা হচ্ছে বলে এলাকাবাসী আমার কাছে অভিযোগ করেছেন। তাই আমি এলাকাবাসীকে দেয়াল ভেঙে ফেলার জন্য বলেছি।
আটক তিনজনকে ছেড়ে দিতে পুলিশকে চাপ দেওয়ার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সাংসদ বলেন, ‘অনুষ্ঠান শেষে ফেরার পথে শুনি এলাকার তিনজনকে পুলিশ ধরে নিয়ে গেছে। পুলিশ তাঁদের ধরবে কেন? এ ক্ষেত্রে কোনো ব্যবস্থা নিতে হলে আগে আমার বিরুদ্ধে নিতে হবে।’
সাংসদ বলেন, ওই এলাকায় লোকসংখ্যা কম। তাই সেখানে পুলিশ ফাঁড়ির দরকার নেই। যেখানে ঘনবসতি, সেখানে পুলিশ ফাঁড়ি করা উচিত। সাংসদ ও উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়াই এখানে পুলিশ ফাঁড়ি নির্মাণ করা হচ্ছে।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মেহেদী মাসুদ বলেন, পুলিশ ফাঁড়ির দেয়াল ভেঙে ফেলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এর বেশি কিছু তিনি বলতে অস্বীকৃতি জানান।