সাংসদের পক্ষে কাজ না করায় বেতন পাচ্ছেন না এক উপাধ্যক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ হিসেবে ইকরামুল ফয়সাল নিয়োগ পেয়েছেন এক বছর আগে। নিয়োগ দিয়েছিলেন কলেজের তৎকালীন সভাপতি ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সাংসদ মনোয়ার হোসেন চৌধুরী। কিন্তু কলেজের বর্তমান সভাপতি ও সাংসদ অধ্যক্ষ আবুল কালাম আজাদ গত নির্বাচনে তাঁর পক্ষে কাজ না করায় ইকরামুলের বেতন-ভাতা বন্ধ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বেতন-ভাতা না পাওয়ায় ইকরামুল পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ ঘটনায় ইকরামুল শিক্ষামন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
ওই অভিযোগে বলা হয়, ২০১২ সালের ৩ নভেম্বর গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজে অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ আটটি শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। ২০১৩ সালের ২০ সেপ্টেম্বর নিয়োগ পরীক্ষা হয়। পরীক্ষায় তিনি (ইকরামুল) প্রথম স্থান অধিকার করেন। পরদিন ২১ সেপ্টেম্বর কলেজ পরিচালনা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে উপাধ্যক্ষ পদে ও অন্য পাঁচটি পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই দিনই পরিচালনা কমিটির তৎকালীন সভাপতি ও সাবেক সাংসদ মনোয়ার হোসেন চৌধুরী বিভিন্ন পদে পাঁচজন ও ইকরামুলকে উপাধ্যক্ষ পদে নিয়োগ দেন। তিনি ২২ সেপ্টেম্বর যোগদান করেন। চলতি বছরের মার্চ মাসে উপাধ্যক্ষসহ ছয়টি পদই এমপিওভুক্ত হয়। যোগদানের তারিখ থেকেই তাঁদের বেতন-ভাতার টাকা ছাড় করা হয়। নিয়ম অনুযায়ী প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতন-বিল প্রস্তুত করতে হয়। সেই বিলে পরিচালনা কমিটির সভাপতি ও অধ্যক্ষ সই করার পর ব্যাংকে জমা দেওয়া হয়। এরপর শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা পান।
গত ৫ জানুয়ারির নির্বাচনে মনোয়ার হোসেন চৌধুরী পরাজিত হন। সাংসদ নির্বাচিত হন আবুল কালাম আজাদ। তিনি ওই কলেজ পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হন। সাংসদ আবুল কালাম সভাপতির দায়িত্ব নিয়েই তাঁর বেতন-ভাতা বন্ধ করে দেন। অথচ এপ্রিল মাস থেকে ছয়জনের বেতন-ভাতার টাকা ব্যাংকে জমা হচ্ছে। তিনি ছাড়া একসঙ্গে নিয়োগ পাওয়া অপর পাঁচজন বেতন-ভাতা পাচ্ছেন।
ইকরামুল অভিযোগ করে বলেন, ‘সাংসদ আবুল কালাম আজাদ একাডেমিক দায়িত্ব পালনে বাধা দিচ্ছেন। বারবার অনুরোধ করলেও বেতন বিলে সই করছেন না তিনি। এমনকি শিক্ষকদের সামনে আমাকে কক্ষ থেকে বের করেও দিয়েছেন। অথচ আমি এই কলেজের সহকারী অধ্যাপক ছিলাম। পদত্যাগ করে উপাধ্যক্ষ পদে যোগদান করেছি। বেতন না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী অধ্যক্ষ না থাকলে উপাধ্যক্ষ দায়িত্ব পালন করেন। কিন্তু সাংসদ ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) শাখার শিক্ষক নূর হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়েছেন।’
এ বিষয়ে সাবেক সাংসদ মনোয়ার চৌধুরী জানান, সে সময় বিধি মোতাবেক উপাধ্যক্ষসহ ছয়টি পদে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু নৌকার পক্ষে কাজ করায় বর্তমান সাংসদ ঈর্ষান্বিত হয়ে ইকরামুলকে বেতন-ভাতা দিচ্ছেন না।
এ ব্যাপারে সাংসদ আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, ‘উপাধ্যক্ষ পদে ইকরামুলের নিয়োগই ছিল অবৈধ। তাঁকে নিয়োগ প্রদানের বিষয়ে কলেজ পরিচালনা কমিটির লিখিত কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি কলেজের তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও নিয়োগ কমিটিতে থাকা সরকারি প্রতিনিধির সই জাল করে কাগজপত্র তৈরি করেন। এমনকি তিনি এমপিওভুক্ত হননি, অথচ উপাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন বলে ইকরামুল দাবি করছেন। এ রকম জালিয়াতি করলে তাঁকে কীভাবে বেতন-ভাতা দেব। তাই তাঁকে বেতন-ভাতা দেওয়া হচ্ছে না।’
তবে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নূর হোসেন জানান, ইকরামুল উপাধ্যক্ষ পদে নিয়োগ ও এমপিওভুক্ত হয়েছেন ঠিকই। কিন্তু তিনি কলেজের তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নারায়ণ চন্দ্র পালের সই জাল করেন। তাই তাঁকে বেতন-ভাতা দেওয়া সম্ভব হচ্ছে না। ইকরামুল সই জালের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নিয়োগসংক্রান্ত যাবতীয় কাগজপত্র আমার কাছে সংরক্ষিত আছে।’