সাংসদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাহাড় কাটার সত্যতা মিলল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিনের বেড়া দিয়ে ঘেরাও করা অংশে পাহাড় কাটা হচ্ছে। ছবিটি গত ২৬ জানুয়ারি চট্টগ্রামের সীতাকুণ্ডের বড় কুমিরা এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলো
টিনের বেড়া দিয়ে ঘেরাও করা অংশে পাহাড় কাটা হচ্ছে। ছবিটি গত ২৬ জানুয়ারি চট্টগ্রামের সীতাকুণ্ডের বড় কুমিরা এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলো

সাংসদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাহাড় কাটার সত্যতা মিললসীতাকুণ্ডের সাংসদ দিদারুল আলমের প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগের সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর। পরে ওই প্রতিষ্ঠানকে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ বুধবার সীতাকুণ্ডের বড় কুমিরা এলাকায় নির্মাণাধীন গোল্ডেন ইস্পাত লিমিটেড কারখানাটি পরিদর্শনের পর পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষ এসব সিদ্ধান্ত নেয়।
অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. মকবুল হোসেনের নেতৃত্বে একটি দল আজ পাহাড়ি এলাকায় নির্মাণাধীন ওই কারখানাটি পরিদর্শনে যান। পরিদর্শনের সময় তাঁরা তাহের অ্যান্ড ব্রাদার্স শিল্প গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গোল্ডেন ইস্পাত লিমিটেডের কারখানার বেশ কিছু অংশ পাহাড় কেটে করার প্রমাণ পেয়েছেন। একই সঙ্গে সদ্য পাহাড় কাটার চিহ্নও দেখতে পান তাঁরা।
জানতে চাইলে মো. মকবুল হোসেন বলেন, ‘আমি নিজে ওই এলাকায় গিয়ে দেখেছি তাঁরা আমাদের ছাড়পত্রের শর্ত ভঙ্গ করেছে। তাঁরা কারখানা নির্মাণ করতে গিয়ে কিছু পাহাড় কেটেছে। এখনো নির্মাণকাজ চলছে। আমরা তাদের নোটিশ দিয়ে শুনানির জন্য ডাকার সিদ্ধান্ত নিয়েছি। নোটিশটি প্রক্রিয়াধীন রয়েছে।’
‘সীতাকুণ্ডে পাহাড় কাটছে সাংসদের প্রতিষ্ঠান’ শীর্ষক একটি প্রতিবেদন আজ প্রথম আলোতে প্রকাশিত হয়। এরপর পরিবেশ অধিদপ্তর ওই এলাকা পরিদর্শন করে। ইস্পাত কারখানাটি স্থানীয় সাংসদ দিদারুল আলমের পারিবারিক শিল্প গ্রুপ তাহের অ্যান্ড ব্রাদার্সের মালিকানাধীন। সাংসদ ওই গ্রুপের পরিচালক। তাঁর চাচা সাবেক সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।