সাংসদের বক্তব্য না শোনায় শিক্ষক লাঞ্ছিত, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহহের মুক্তাগাছা উপজেলায় স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে সাংসদের বক্তব্য না শোনার অভিযোগে সাংসদের সমর্থকেরা একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় সাংসদের সমর্থকেরা প্রধান শিক্ষকের কক্ষে ভাঙচুরও করেন।
গতকাল শনিবার সকালে মুক্তাগাছার নাবারুণ বিদ্যানিকেতন নামের একটি বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। অনুষ্ঠানে ওই আসনের (ময়মনসিংহ-৫) জাতীয় পার্টির সাংসদ সালাহউদ্দিন আহমেদের বক্তব্যের সময় উপজেলার নগেন্দ্র নারায়ণ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ সরকার অসুস্থ বোধ করায় কিছু সময়ের জন্য নিজের বিদ্যালয়ে চলে যান। এ কারণে জাতীয় পার্টির সমর্থকেরা আশুতোষ সরকারের কক্ষে গিয়ে তাঁকে লাঞ্ছিত করেন এবং কক্ষে ভাঙচুর চালান।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে ১০টায় আলোচনা অনুষ্ঠান শুরু হয়। এর আগে থেকেই আশপাশের বেশ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরু হওয়ার পর একে একে অনেকেই বক্তব্য দেন। গরমে অতিষ্ঠ হয়ে পড়ে উপস্থিত শিক্ষার্থীরা। একপর্যায়ে নগেন্দ্র নারায়ণ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের অনেক শিক্ষার্থীই অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে যায়। বেলা দেড়টায় সর্বশেষ আলোচক হিসেবে সাংসদ সালাহউদ্দিন আহমেদ বক্তব্য শুরু করেন। এ সময় শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কমে যায়। সাংসদের বক্তব্য চলার সময় আশুতোষ সরকারও চলে যান।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠান শেষ হওয়ার পর জাতীয় পার্টির কর্মী-সমর্থকেরা নগেন্দ্র নারায়ণ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে গিয়ে আশুতোষ সরকারের ওপর চড়াও হন। সাংসদের বক্তব্য শেষ হওয়ার আগেই আশুতোষ শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠান থেকে চলে এসেছেন—এমন অভিযোগ করে সাংসদের সমর্থকেরা প্রধান শিক্ষককে লাঞ্ছিত করেন। একপর্যায়ে তিনি কক্ষ থেকে বের হয়ে আত্মরক্ষা করেন। পরে সাংসদের সমর্থকেরা প্রধান শিক্ষকের কক্ষের চেয়ার-টেবিল ভাঙচুর ও কক্ষ তছনছ করেন।
আশুতোষ সরকার বলেন, ‘তিন ঘণ্টার বেশি সময় বসে থেকে গরমে শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে পড়ে। তাই হয়তো অনেকেই চলে যায়। আর আমিও গরমে অসুস্থ বোধ করলে সাংসদের বক্তব্য শেষ হওয়ার পরপরই বিশ্রাম নিতে আমার বিদ্যালয়ে চলে এসেছিলাম। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমি আবারও সভাস্থলে যেতাম সবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে। কিন্তু তার আগেই ২০ থেকে ৩০ জন উগ্র ছেলে এসে আমাকে উদ্দেশ করে চেয়ার ছুড়ে মারে। আমি কক্ষ থেকে বের হয়ে গেলে তারা কক্ষের চেয়ার-টেবিলসহ আসবাব ভেঙে তছনছ করে দেয়।’
মুক্তাগাছা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার আবুল কাশেম বলেন, ‘শুনেছি, একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে বিষয়টা আমরাই মীমাংসা করে ফেলব।’
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘কারা ভাঙচুর করেছে, সে বিষয়ে আমরা কোনো অভিযোগ পাইনি। তবে ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি।’
সাংসদ সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আলোচনা শেষ হওয়ার আগেই প্রধান শিক্ষক চলে গিয়েছিলেন, এটা আমি শুনেছি। কিন্তু ওনাকে কারা লাঞ্ছিত বা কক্ষে ভাঙচুর করেছে, সেটা আমি জানি না। বিষয়টি নিয়ে আমি প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলব।’