সাংসদের বাড়ির গেটে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা
ফেনীর সোনাগাজীতে নির্দলীয় সাংসদ হাজি রহিম উল্যার বাড়ির গেটে ককটেল বিস্ফোরণ ও সাংসদকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। মামলায় ছাত্রলীগ-যুবলীগের পাঁচ নেতা-কর্মীর নাম উল্লেখসহ ৪০ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে।
গত ২৩ নভেম্বর সন্ধ্যায় সোনাগাজী থানায় এ মামলা দায়ের করা হয়। মামলার বাদী মো. সবুজ নিজেকে সাংসদের ভাইয়ের ছেলে দাবি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ নভেস্বর রাত আনুমানিক আড়াইটার দিকে স্থানীয় ছাত্রলীগ নেতা মো. নাসির উদ্দিন রিপন, মো. সাইদুল হক, মো. আহসান উল্যাহ মেম্বার, মো. নিজাম ড্রাইভার ও মো. কাউছার ওরফে কুত্তা কাউছারসহ অজ্ঞাত ৪০ জন সাংসদ হাজি রহিম উল্যার সোনাপুর গ্রামের বাড়ির ফটকে তিন-চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা তখন সাংসদের নাম উল্লেখ করে গালাগাল এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এ সময় সাংসদ রহিম উল্যাহ গ্রামের বাড়িতে ছিলেন না।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো, ছালেহ থানায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
ফেনী-৩ আসনের স্বতন্ত্র সাংসদ রহিম উল্যার সঙ্গে গত কিছুদিন থেকে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে টিআর, কাবিখা, কাবিটাসহ বিভিন্ন প্রকল্প নিয়ে বিরোধ দেখা দিয়েছে।
গত ১৫ নভেম্বর সন্ধ্যায় ফেনী সার্কিট হাউসে সাংসদ রহিম উল্যাকে যুবলীগ নেতা-কর্মীরা লাঞ্ছিত করেন। তার আগে ওই দিন বিকেলে দাগনভূঞায় সাংসদের সৌজন্যে নির্মিত তোরণে আগুন ও ককটেল বিস্ফোরণে সাংসদের তিনটি কর্মসূচি পণ্ড হয়ে যায়। সাংসদের ওপর হামলার প্রতিবাদে ১৬ নভেম্বর তাঁর সমর্থকেরা ফেনী-৩ নির্বাচনী এলাকায় হরতাল আহ্বান করেন। এসব ঘটনায় সাংসদ রহিম উল্যার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরোধ চরম আকার ধারণ করে।
অপর দিকে, ২১ নভেম্বর বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সাংসদের বাড়ির পাশে জনসভার নামে ‘শোডাউন’ করা হয়।