সাংসদের বাসভবন লক্ষ্য করে ককটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীর চর সোনাপুর গ্রামে গত বৃহস্পতিবার রাতে স্থানীয় স্বতন্ত্র সাংসদ রহিম উল্যাহর বাসভবন লক্ষ্য করে ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টি করা হয়। তবে সাংসদ সে সময় বাড়িতে ছিলেন না।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, বৃহস্পতিবার দিবাগত রাতে একদল দুর্বৃত্ত ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঞা) সাংসদ রহিম উল্যাহর বাড়ি লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল ছুড়ে মারে। এ সময় ফাঁকা গুলিও ছোড়া হয়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। গতকাল শুক্রবার সকালে পুলিশ সাংসদের বাড়ির আঙিনা থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করে।
এ ঘটনার জন্য আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় কয়েকজন কর্মীকে দায়ী করেছেন সাংসদ রহিম উল্যাহ। তিনি বলেন, হামলার খবর শুনে তিনি গতকাল সন্ধ্যায় ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। এ ঘটনায় তিনি মামলা করবেন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন বলেন, ‘সাংসদের সমর্থকদের মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। গত বুধবার রাতে আমার বাসভবনে বোমা হামলার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সাংসদের লোকেরাই এ ধরনের ঘটনা ঘটাতে পারে।’
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখান থেকে ককটেলসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে। তিনি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বুধবার রাতে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিনের বাসভবন লক্ষ্য করে ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় সাংসদের সমর্থক হিসেবে পরিচিত তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে মামলা হয়েছে।