সাংসদের বাড়ির ফটক ভাঙচুর, অভিযোগ যুবলীগের বিরুদ্ধে
সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধরমপাশা) আসনের ক্ষমতাসীন দলের সাংসদ মোয়াজ্জেম হোসেনের সুনামগঞ্জ পৌর শহরের বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ ও বাসার ফটকের লাইট ভাঙচুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।
সাংসদের অভিযোগ, যুবলীগের নেতা-কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে। তবে যুবলীগ এই অভিযোগ অস্বীকার করেছে।
সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালী এলাকার সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে পুলিশ লাইনসের বিপরীতে সাংসদ মোয়াজ্জেমের বাড়ি। সাংসদ এই বাড়িতে থাকেন না। মাঝেমধ্যে আসেন। তাঁর মূল বাড়ি জেলার ধরমপাশা উপজেলায়। ঘটনার সময় সাংসদ মোয়াজ্জেম হোসেন ওই বাসায় ছিলেন না।
সাংসদ মোয়াজ্জেম হোসেন জানান, সন্ধ্যা সাতটার দিকে ওই ঘটনার সময় তিনি তাঁর নির্বাচনী এলাকা তাহিরপুর উপজেলার সুলেমানপুর গ্রামে ছিলেন। ঘটনার পরই বাসায় থাকা তত্ত্বাবধায়ক সৈয়দ সুজন মুঠোফোনে বিষয়টি তাঁকে জানিয়েছেন।
সৈয়দ সুজন জানান, সন্ধ্যা সাতটার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে একদল যুবক বাসার সামনে এসে নামে। এ সময় বাসার মূল ফটকে তালা দেওয়া ছিল। ওই যুবকেরা মোটরসাইকেল থেকে নেমে প্রথমে ফটকের দুটি লাইট ভেঙে ফেলে। পরে অন্ধকারে ফটকে লাথি মারে এবং বাড়ির ভেতরে ইট-পাটকেল নিক্ষেপ করে দ্রুত চলে যায়। সব মিলিয়ে চার থেকে পাঁচ মিনিট ওই যুবকেরা বাসার সামনে ছিল বলে জানান তিনি।
সাংসদ মোয়াজ্জেম হোসেন অভিযোগ করে বলেন, ‘হামলার সঙ্গে শহরের যুবলীগের ছেলেরা জড়িত। তারা আমার বাসার গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। কিন্তু গেট তালাবদ্ধ থাকায় পারেনি। আমি বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানিয়েছি। পরে পুলিশ গিয়ে সব দেখে এসেছে।’
জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল বলেন, ‘সাংসদের অভিযোগ সত্য নয়। যুবলীগের সদস্যরা কেন তাঁর বাসায় ইটপাটকেল নিক্ষেপ করবে।’
সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হারুন-অর-রশীদ প্রথম আলোকে বলেন, ‘বাসার ফটকের দুটি লাইট ভাঙচুর করার পর ওই যুবকেরা কয়েকটি ইট-পাটকেল নিক্ষেপ করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ওই বাসায় যায়। আমরা ওই যুবকদের ধরতে অভিযান চালিয়েছি।’