সাংসদের বিরুদ্ধে অবৈধভাবে বালু তোলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী-৩ আসনের স্বতন্ত্র সাংসদ রহিম উল্যার বিরুদ্ধে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগ এনে এলাকাবাসীর ব্যানারে গতকাল মানববন্ধন করা হয় l ছবি: প্রথম আলো
ফেনী-৩ আসনের স্বতন্ত্র সাংসদ রহিম উল্যার বিরুদ্ধে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগ এনে এলাকাবাসীর ব্যানারে গতকাল মানববন্ধন করা হয় l ছবি: প্রথম আলো

ফেনী-৩ আসনের স্বতন্ত্র সাংসদ রহিম উল্যার বিরুদ্ধে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগ এনে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। এতে বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের নেতারা।
গতকাল মঙ্গলবার দুপুরে ফেনী শহরের শহীদ মিনার চত্বরে এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহিরুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়েজুল কবীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সোনাগাজী পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক, চর চান্দিয়া ইউপির চেয়ারম্যান মোশারফ হোসেন, চর দরবেশ ইউপির চেয়ারম্যান ইউনিয়ন নুরুল ইসলাম, বগাদানা ইউপির চেয়ারম্যান ইসহাক খোকন ও মঙ্গলকান্দি ইউপির চেয়ারম্যান মোশারফ হোসেন।
মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এতে বলা হয়, ‘সাংসদ রহিম উল্যার অবৈধভাবে নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর, চর লামছি ডুব্বা ও চর কৃষ্ণজয়; নবাবপুর ইউনিয়নের রঘুনাথপুর ও মোবারকঘোনা; সোনাগাজী সদর ইউনিয়নের চর সাহাপুর গ্রামের ফসলি জমি ও শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ ছাড়া সোনাগাজীর মুহুরী প্রজেক্ট সড়কের একাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।’
গত রোববার রাতে নদী থেকে বালু তোলার কাজে ব্যবহৃত সাংসদের মালিকানাধীন দুটি খননযন্ত্র (ড্রেজার মেশিন) দুর্বৃত্তরা পুড়িয়ে দেয়।