ফরিদপুর-১ আসনের সাংসদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করে জেলা পরিষদ নির্বাচনের প্রচারণার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা যায়, গতকাল শনিবার আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার তিনটি ওয়ার্ডে তাঁর সমর্থিত প্রার্থীকে ভোট দিতে বলেন তিনি। সকাল নয়টাথেকে বিকেল চারটা পর্যন্ত মধুখালীর কামালদিয়া ইউনিয়নের কামালদিয়া গ্রামে সাংসদের নিজ বাড়িতে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুটি উপজেলার ২১টি ইউপির চেয়ারম্যান, সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের নেতারা যোগ দেন।
জেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালার ২২ নম্বর ধারার ১ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ‘সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি (যার মধ্যে সাংসদ আছেন) এবং কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করিতে পারিবেন না।’
ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে ১৫টি ওয়ার্ডের মধ্যে মধুখালীতে দুটি, বোয়ালমারীতে দুটি ও আলফাডাঙ্গায় একটি ওয়ার্ড পড়েছে। ওই সভায় মধুখালীর দুটি ও আলফাডাঙ্গার একটি ওয়ার্ডে তিন সদস্য প্রার্থীর নাম উল্লেখ করে ভোট চান সাংসদ এবং তাঁদের সমর্থনে কাজ করার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
ওই সভায় যোগ দিয়েছিলেন মধুখালীর বাগাট ইউপির চেয়ারম্যান মতিয়ার রহমান। সাংসদের ভোট চাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে তিনি বলেন, ‘সাংসদ ডেকেছিলেন। উনি আলাপ করেছেন তাঁর পক্ষে কাজ করার জন্য। সাংসদের বক্তব্যের জবাবে আমি বলি, যে নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন, সেখানে তাঁকে বাদ দিয়ে আপনার প্রার্থীর পক্ষে ভোট চাওয়া আমার সম্ভব নয়। সদস্যপদে আওয়ামী লীগ কোনো দলীয় প্রার্থী দেয়নি।’
জেলা পরিষদের সদস্য প্রার্থী মধুখালী উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য আজাউল ইসলাম বলেন, ‘সাংসদ ডাইরেক্ট ভোট চাইছেন যে, আপনারা আমার ক্যান্ডিডেট রেজাউল ও ইলিয়াসকে ভোট দেন। শেখ হাসিনা সবার জন্য অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। সেখানে এই সাংসদ নিজের লোকদের নিয়ে নেমেছেন।’
সহকারী রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ওই জাতীয় কোনো সভা আহ্বান করে ভোট চাইতে পারেন না সাংসদ। এটি করা হলে আচরণবিধি লঙ্ঘন হয়।
সাংসদের মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। সাংসদের ব্যক্তিগত সহকারী নির্মল কুমার বিশ্বাস বলেন, সাংসদের বাড়িতে এ ধরনের কোনো আয়োজন হয়নি। সাংসদ দলের যুগ্ম সম্পাদক হওয়ার পর এলাকায় বেশি আসতে পারেননি। এ জন্য তাঁর আসার কথা শুনে ইউপি চেয়ারম্যান ও সদস্যরা জড়ো হয়েছিলেন।